নাইজেরিয়ায় অপহৃত ৬০০ জনকে উদ্ধারে জরুরি অভিযান শুরু

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ০৮:১৬ এএম

নাইজেরিয়ায় প্রায় ৬০০ জনকে অপহরণের ঘটনায় তাদের উদ্ধারে সামরিক বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থাকে নিয়ে জরুরি অভিযান শুরু করেছে দেশটির সরকার। মঙ্গলবার (২৫ আগস্ট) প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুবু এ অভিযান শুরুর নির্দেশ দেন।

উত্তর-মধ্যাঞ্চলীয় নাইজার স্টেটের একটি মসজিদে গত সপ্তাহে সশস্ত্র বন্দুকধারীদের হামলার পর বিপুলসংখ্যক মানুষ অপহৃত হন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নারী, শিশু ও বয়স্কসহ বিপুলসংখ্যক মানুষকে বন্দুকধারীদের নিয়ন্ত্রণে একটি বনাঞ্চলে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা ভিডিওতে প্রায় ৬০০ জনকে শনাক্ত করার দাবি করেছেন। তবে রয়টার্স জানিয়েছে, অপহৃত মানুষের সঠিক সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

বোরগু জেলার ওই হামলায় প্রায় ৩০ জন নিহত হয়েছেন বলেও স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন। হামলার পর নিরাপত্তাহীনতার কারণে বহু মানুষ সীমান্ত পেরিয়ে প্রতিবেশী বেনিনে পালিয়ে গেছেন।

প্রেসিডেন্ট তিনুবু নিরাপত্তা বাহিনীকে দ্রুত অভিযান পরিচালনা এবং অপহৃতদের প্রত্যেককে উদ্ধারের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে অভিযানের অগ্রগতি নিয়মিত জানানোর জন্য নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

নাইজেরিয়ায় সাম্প্রতিক সময়ে অপহরণ ও সশস্ত্র হামলার ঘটনা বেড়েছে। চলতি মাসের শুরুতেও দেশটির নাইজার ও কোয়ারা রাজ্যে পৃথক হামলায় অপহৃত ৩০৮ জনকে যৌথ অভিযানে উদ্ধার করা হয়েছিল। দেশটির প্রেসিডেন্ট তখন ওই অভিযানকে একই দিনে পরিচালিত সবচেয়ে বড় উদ্ধার অভিযান হিসেবে উল্লেখ করেছিলেন।

তবে নতুন করে প্রায় ৬০০ মানুষের অপহরণের ঘটনা দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে। সরকার দ্রুত অভিযান চালানোর ঘোষণা দিলেও এখন পর্যন্ত সব অপহৃতকে উদ্ধার করা হয়েছে—এমন কোনো তথ্য পাওয়া যায়নি।

সূত্র: আলজাজিরা

নাইজেরিয়ায় অপহৃত ৬০০ জনকে উদ্ধারে জরুরি অভিযান
আরও পড়ুন