প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ নির্দেশনা

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ১২:৫২ পিএম

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬’ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার-প্রচারণা জোরদারের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ শিক্ষা-সংশ্লিষ্ট মাঠপর্যায়ের কার্যালয়গুলোকে সাত দফা নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব নির্দেশনা জারি করে।

নির্দেশনায় বলা হয়েছে, প্রতিযোগিতা সম্পর্কে শিক্ষার্থী ও শিক্ষকদের অবহিত করার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন দৃশ্যমান স্থান এবং অনলাইন প্ল্যাটফর্মে ব্যাপক প্রচারণা চালাতে হবে।

মাউশির সাত নির্দেশনা হলো—

১. প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে প্রতিযোগিতা-সংক্রান্ত ব্যানার প্রদর্শন করতে হবে।

২. প্রতিষ্ঠানের দর্শনীয় বা গুরুত্বপূর্ণ স্থানে ড্রপডাউন ব্যানার স্থাপন করতে হবে।

৩. শিক্ষা-সংশ্লিষ্ট মাঠপর্যায়ের কার্যালয়গুলো তাদের আওতাধীন এলাকার দর্শনীয় ও গুরুত্বপূর্ণ স্থানে লোগো, মাসকট, ড্রপডাউন-গেট ব্যানার ও ফেস্টুন স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

৪. শ্রেণিকক্ষে পাঠদানের সময় নোটিশের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের প্রতিযোগিতা সম্পর্কে অবহিত করতে হবে।

৫. প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে এ-সংক্রান্ত তথ্য ও নির্দেশনা প্রদর্শন করতে হবে।

৬. শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট ও পেজে প্রতিযোগিতার প্রচারণা চালাতে হবে।

৭. প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইটেও ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬’ নিয়ে প্রচার করতে হবে।

সরকারের এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ফুটবলের প্রতি আগ্রহ বাড়ানো এবং জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতা সম্পর্কে ব্যাপক জনসচেতনতা তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে।

এমএজেড
আরও পড়ুন