কক্সবাজারে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ০৬:৫৫ পিএম

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে পানিতে ভেসে গিয়ে ইয়াছিন খান (২৫) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ ইব্রাহিম খান (২৭) নামের আরও এক পর্যটক নিখোঁজ রয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে সৈকতের জলতরঙ্গ পয়েন্টের সামনে এই ঘটনা ঘটে।

নিহত ইয়াছিন খান ঢাকার কড়াইল চৌরাস্তা এলাকার বাসিন্দা। নিখোঁজ মোহাম্মদ ইব্রাহিম খানও ঢাকার বাসিন্দা।

জানা গেছে, ইয়াছিন ও ইব্রাহিম একটি বড় পর্যটক দলের সঙ্গে কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন। গত ২২ ও ২৪ আগস্ট দুই দফায় প্রায় ১১০ জনের দলটি কক্সবাজারে যায়। তারা শহরের হোটেল বিস্তাবেতে অবস্থান করছেন।

পর্যটকদের নিরাপত্তা বিচকর্মী মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরে জলতরঙ্গ পয়েন্টের সামনে গোসলে নামার পর দুই পর্যটক পানিতে ভেসে যান। পরে একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর পর্যটক এখনো নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে সৈকতে তৎপরতা অব্যাহত রয়েছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এবং এঘটনায় নিখোঁজ পর্যটকের সন্ধানে কাজ চলছে।

এমইউ
আরও পড়ুন