নিখোঁজ পাইলটদের বিষয়ে কাতারের স্পষ্ট বার্তা চায় ইরান

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ০৯:৫৪ পিএম

'রমজান যুদ্ধে'র সময় নিখোঁজ হওয়া তিন ইরানি পাইলটের ভাগ্য সম্পর্কে কাতারের কাছে স্পষ্ট ও প্রমাণভিত্তিক জবাব চেয়েছে ইরান। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ আকরামিনিয়া বলেছেন, বিষয়টি নিয়ে বারবার যোগাযোগ করা হলেও কাতার এখনো পাইলটদের পরিণতি সম্পর্কে কিছু জানে না বলে দাবি করছে।

মেহর নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে আকরামিনিয়া বলেন, গত ২ মার্চ ইরানে মার্কিন সামরিক হামলার দুই দিন পর ঘটনাটির সূত্রপাত। ১২ মার্চ ইরানের বিমানবাহিনীর দুটি সুখোই যুদ্ধবিমান কাতারে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে হামলা চালায়। লক্ষ্যবস্তুতে আঘাত হানার পর ফেরার পথে শত্রুপক্ষের বিমান টহলের হামলায় দুটি যুদ্ধবিমানই ভূপাতিত হয় বলে দাবি করেন তিনি।

আকরামিনিয়ার ভাষ্য, ওই ঘটনায় নিহত এক পাইলটের মরদেহ পরে ইরানের কাছে হস্তান্তর করা হয়। নিহত পাইলট মজিদ কাজেমির মরদেহ শিরাজে দাফন করা হয়েছে।

তবে দুটি যুদ্ধবিমানে মোট চারজন পাইলট থাকায় বাকি তিনজনের ভাগ্য এখনো অজানা বলে জানান ইরানি এই সেনা কর্মকর্তা। তাঁদের সন্ধান ও পরিণতি জানতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রেসিডেন্টের কার্যালয়, সেনাসদর এবং কাতারের সেনাবাহিনী ও সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হয়েছে বলেও জানান তিনি।

আকরামিনিয়া বলেন, এসব যোগাযোগের পরও কাতার জানিয়েছে, নিখোঁজ পাইলটদের ভাগ্য সম্পর্কে তাদের কোনো তথ্য নেই। তবে ইরান এ বিষয়ে আরও দায়িত্বশীল ভূমিকা এবং জোরালো অনুসন্ধান প্রত্যাশা করছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় যদি সত্যিই পাইলটদের বিষয়ে কিছু না জেনে থাকে, তাহলে তাদের আরও সক্রিয়ভাবে অনুসন্ধান চালানো উচিত বলেও মন্তব্য করেন আকরামিনিয়া।

তিনি বলেন, তেহরান এমন একটি স্পষ্ট ও নথিভুক্ত জবাব চায়, যার প্রমাণ যাচাই করে নিখোঁজ তিন পাইলটের প্রকৃত পরিণতি সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হবে। একই সঙ্গে বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে দেখার জন্য দোহার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সূত্র: মেহর নিউজ এজেন্সি

এএস
আরও পড়ুন