নেপালে ভয়াবহ বন্যায় নিখোঁজ মার্কিন নাগরিকদের উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। এ ঘটনায় এখন পর্যন্ত কয়েকজন মার্কিন নাগরিককে উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট।
মার্কিন সংবাদমাধ্যমকে লেভিট বলেন, ওয়াশিংটন ইতোমধ্যে কয়েকজন মার্কিন নাগরিককে উদ্ধার করেছে এবং নেপালকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে। নিখোঁজ থাকা প্রত্যেক মার্কিন নাগরিককে উদ্ধারে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।
নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে দেশটির বিভিন্ন এলাকায় ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের মধ্যে বিদেশি পর্যটকদের একটি বড় অংশও নিখোঁজ রয়েছেন। নেপাল ট্যুরিজম বোর্ডের তথ্য অনুযায়ী, নিখোঁজদের মধ্যে অন্তত ৬৩ জন মার্কিন নাগরিক রয়েছেন।
বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় যোগাযোগব্যবস্থা ও সড়ক অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার তৎপরতা কঠিন হয়ে পড়েছে। মার্কিন দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষ ও পর্যটন সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে নিখোঁজ মার্কিন নাগরিকদের অবস্থান শনাক্ত ও উদ্ধারের চেষ্টা করছে।
এদিকে ভয়াবহ এই দুর্যোগে নেপাল ও তিব্বত মিলিয়ে শত শত মানুষ নিহত এবং এক হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারী দলগুলো দুর্গম এলাকাগুলোতে তল্লাশি চালিয়ে যাচ্ছে। সূত্র: আলজাজিরা
উত্তরপ্রদেশে নেপাল সীমান্তবর্তী জেলাগুলোতে উচ্চ সতর্কতা জারি
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫৯, নিখোঁজ ১৪০০
নেপাল সীমান্তে নতুন বিপর্যয়ের সতর্কতা চীনের