আফ্রিকার দেশ জিবুতি থেকে ইয়েমেন অভিমুখে রওনা হওয়া একটি অভিবাসীবাহী নৌকা ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়েছে। ৩২৫ জনের ধারণক্ষমতার কাছাকাছি প্রায় ৩০৫ জন যাত্রী নিয়ে নৌকাটি সমুদ্রে ডুবে যায়। এতে অন্তত ১৩৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং এখনও নিখোঁজ রয়েছেন ৮৪ জন।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) নিশ্চিত করেছে যে, গত ৮ অক্টোবর শেষ রাতে বা ৯ অক্টোবরের শুরুতে এ দুর্ঘটনা ঘটে। জিবুতির ওবক বন্দর সংলগ্ন গুহেরে এলাকার কাছে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। মর্মান্তিক এই ট্রাজেডিতে প্রাণ হারিয়েছে অন্তত ১৫টি নিষ্পাপ শিশু।
উদ্ধারকর্মীরা এ পর্যন্ত ৮২ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন। জিবুতি সরকারের স্থানীয় কতৃপক্ষ নিখোঁজদের খোঁজে বর্তমানে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। একই সাথে বেঁচে যাওয়া ব্যক্তিদের জরুরি চিকিৎসাসেবা ও মানবিক সহায়তা দেওয়া হচ্ছে।
উন্নত ভবিষ্যৎ ও কর্মসংস্থানের আশায় প্রতি বছর আফ্রিকার ‘হর্ন অব আফ্রিকা’ অঞ্চল থেকে হাজার হাজার মানুষ এই পথ বেছে নেয়। ইয়েমেন হয়ে উপসাগরীয় দেশগুলোতে পৌঁছানোর এই সমুদ্রপথটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও বিপদসংকীর্ণ।
আইওএম-এর তথ্য অনুযায়ী, বিপজ্জনক এই নৌপথে মানব পাচার, গ্রেফতার এবং সলিলসমাধির ঝুঁকি প্রতিনিয়ত বাড়ছে। শুধু ২০২৫ সালেই এই রুটে পাড়ি দিতে গিয়ে নয় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন অথবা নিখোঁজ হয়েছেন।
সূত্র: আইওএম
সৌদিতে ফের হুথি হামলা: মার্কিন হস্তক্ষেপের ইঙ্গিত ট্রাম্পের