চুরি করা চেইন পেটে, এক্স-রে-তে ধরা

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ পিএম

নোয়াখালী জেনারেল হাসপাতালের বহির্বিভাগে এক রোগীর স্বজনের গলার দুটি সোনার চেইন চুরির অভিযোগে সিনারা বেগম (৫০) নামে এক নারীকে আটক করা হয়েছে। পরে তাঁর দেহ তল্লাশি করে চেইন না পাওয়ায় এক্স-রে পরীক্ষায় পেটের ভেতরে চেইন দুটির অস্তিত্ব শনাক্ত করা হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহর মাইজদীর ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের বহির্বিভাগে এ ঘটনা ঘটে। আটক সিনারা বেগম সিলেটের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের ভাষ্য, সকালে সদর উপজেলার দাদপুর ইউনিয়ন থেকে চিকিৎসা নিতে আসা বিবি ফাতেমা নামে এক নারীর গলায় থাকা দুটি সোনার চেইন লক্ষ্য করে একটি চক্র। সিরিয়ালে দাঁড়িয়ে থাকার সময় কয়েকজন ধাক্কাধাক্কির সুযোগে তাঁর গলার চেইন দুটি খুলে নেয় বলে অভিযোগ। এ সময় চক্রের অন্য সদস্যরা পালিয়ে গেলেও সন্দেহ হওয়ায় রোগীর স্বজনরা সিনারা বেগমকে আটক করে তল্লাশি করেন।

পরে হাসপাতাল ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে যায়। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, ওই নারীকে সুধারাম মডেল থানায় নেওয়ার পর জিজ্ঞাসাবাদে তিনি সোনার চেইন দুটি গিলে ফেলার কথা জানান। এরপর এক্স-রে পরীক্ষায় তাঁর পেটের ভেতরে চেইন দুটির অস্তিত্ব নিশ্চিত করা হয়।

তিনি জানান, বর্তমানে ওই নারী হাসপাতালে ভর্তি রয়েছেন। সার্জারি বিভাগের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁর পেট থেকে চেইন দুটি বের করার ব্যবস্থা নেওয়া হবে।

সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান বলেন, অভিযুক্ত নারী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমসিএইচ
আরও পড়ুন