ইমামের ঘরে বিস্ফোরণে উড়ে গেলো টিনের চাল

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ এএম

মাদারীপুর সদর উপজেলায় মসজিদের ইমামের ঘরে হাতবোমা বিস্ফোরণে টিনশেডের একাংশের চালা ও বেড়া উড়ে গেছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া গ্রামের মালেক আকনবাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মসজিদের ইমাম আকাশ হাওলাদার দুই দিন আগে চিকিৎসার জন্য ছুটি নিয়ে ঢাকায় যান। এরপর থেকে তার থাকার ঘরটি তালাবদ্ধ ছিল। রুমটির চাবি মসজিদের মুয়াজ্জিন মো. আলাউদ্দিন ওলিল আকনসহ তিনজনের কাছে ছিল। মঙ্গলবার সন্ধ্যার দিকে ওই ঘর থেকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘরের টিনের চালা ও বেড়ার একাংশ ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয় লোকজন সেখানে জড়ো হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন আলামত সংগ্রহ করে। 

স্থানীয় কয়েকজনের দাবি, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের প্রস্তুতি হিসেবে ইমামের কক্ষে বোমাটি রাখা হয়ে থাকতে পারে।

মসজিদ কমিটির সদস্য মালেক আকন বলেন, ইমামের থাকার ঘরে কে বা কারা বিস্ফোরক রেখেছে, তা আমরা জানি না। নামাজের সময় বোমাটি বিস্ফোরিত হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা বলেন, মসজিদের ইমামের ঘরের বারান্দায় বিস্ফোরণ ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমার আলামত সংগ্রহ করেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ অনেককেই থানায় আনতে পারে।

এমইউ
আরও পড়ুন