বন্ধুদের সঙ্গে হ্রদে ঘুরতে গিয়ে ২৮ বছর আগে হারিয়ে ফেলেছিলেন প্রিয় স্মারক আংটিটি। দীর্ঘ সময় পর হ্রদের তলদেশ থেকে সেই আংটি উদ্ধার করে মালিকের কাছে ফিরিয়ে দিয়েছেন দুই শৌখিন ধাতু অনুসন্ধানকারী। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের গ্রেট সাকানডাগা হ্রদে।
সম্প্রতি হ্রদের অগভীর পানিতে ধাতব ও পুরোনো জিনিস খুঁজছিলেন মাইকেল সিগেল ও ডিলান লাপোর্ট। একপর্যায়ে তাদের ধাতু শনাক্তকারী যন্ত্রে সংকেত আসে। পরে পানির নিচে তল্লাশি চালিয়ে একটি পাথরের নিচে চকচকে আংটি দেখতে পান ডিলান।
পরীক্ষা করে তারা জানতে পারেন, এটি ১৯৮৮ সালের রেড ক্রিক হাইস্কুলের স্মারক আংটি। মালিককে খুঁজে বের করতে আংটির ছবি ফেসবুকে প্রকাশ করেন ডিলান। দীর্ঘদিন কোনো সাড়া না পেয়ে তারা যোগাযোগ করেন রেড ক্রিক হাইস্কুল কর্তৃপক্ষের সঙ্গে।
আংটির নকশা, সাল ও বিভিন্ন চিহ্ন দেখে স্কুলের এক কর্মকর্তা এর মালিককে শনাক্ত করেন। জানা যায়, আংটিটি স্কুলটির সাবেক শিক্ষার্থী কিম রাসবের্কের।
আংটি ফিরে পাওয়ার খবর শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন রাসবের্ক। তিনি জানান, ২৮ বছর আগে বন্ধুদের সঙ্গে নৌকায় করে হ্রদে ঘোরার সময় আংটিটি পানিতে পড়ে গিয়েছিল। এত বছর পর সেটি ফিরে পাবেন, তা কখনো ভাবেননি।
আংটি ডাকযোগে পাঠানোর খরচ দিতে চাইলেও রাসবের্কের কাছ থেকে কোনো অর্থ নিতে রাজি হননি মাইকেল ও ডিলান। তাদের ভাষ্য, পুরস্কারের আশায় নয়, হারিয়ে যাওয়া মূল্যবান একটি স্মৃতি তার মালিকের কাছে ফিরিয়ে দিতেই তারা আংটিটি উদ্ধার করেছিলেন।
দুই অনুসন্ধানকারী জানান, ধাতু শনাক্তকারী যন্ত্র নিয়ে পুরোনো ও হারানো জিনিস খুঁজে বের করা তাদের শখ। তবে মানুষের হারানো স্মৃতি ফিরিয়ে দেওয়ার আনন্দই তাদের কাছে সবচেয়ে বড়।
কিয়েভে রুশ হামলায় এক ভারতীয়সহ নিহত ১২
যুক্তরাষ্ট্রে হেফাজতের অভিজ্ঞতা ছিলো 'ভয়াবহ’ ও ‘আতঙ্কজনক: মাইলো