যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পিএম

পাবনার ঈশ্বরদী উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে মেহেদী হাসান আকিব (১৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নাটোরের লালপুর এলাকায় তার মৃত্যু হয়।  এর আগে সকালে কেউ ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আহত অবস্থায় আকিবকে ফেলে রেখে যান।

নিহত মেহেদী হাসান আকিব সাঁড়া ইউনিয়নের মাজদিয়া ইসলামপাড়া গ্রামের আনিসের ছেলে। তিনি ঈশ্বরদীর সাড়া ইউনিয়নে বালুরঘাটে দৈনিক হাজিরাতে শ্রমিকের কাজ করতেন।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি আকিব। রাতে স্বজনরা অনেক খোঁজাখুজির পরও তার সন্ধান পাননি। পরে সকালে খবর পেয়ে স্বজনরা ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছান। সেখানে গিয়ে তারা জানতে পারেন যে কেউ অটোরিকশায় করে আকিবকে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ফেলে রেখে গেছেন। সেখান থেকে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আকিবের মৃত্যু হয়।

নিহতের পরিবারের অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরে আকিবকে পিটিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে। 

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান আসাদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এমইউ
আরও পড়ুন