প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর দুই দেশের সরকারপ্রধানের সুবিধাজনক সময় ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি।
বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদের টানেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
চিফ হুইপ বলেন, প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ ভারতকে উপেক্ষা করবে না, ভারতও বাংলাদেশকে উপেক্ষা করবে না। দুই প্রধানমন্ত্রীর সময়ের সঙ্গে সমন্বয় করে পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতেই সফরের সময় নির্ধারণ করা হবে। সফরের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হলে তা গ্রহণ করা কঠিন হবে বলেও মন্তব্য করেন তিনি।
ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ‘সবার আগে বাংলাদেশ’ নীতিকে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে নূরুল ইসলাম বলেন, বাংলাদেশের স্বার্থ, মর্যাদা ও সার্বভৌমত্বকে অগ্রাধিকার দিয়েই অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা হবে।
তিনি বলেন, বাংলাদেশের ভূখণ্ড অন্য কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না। একইভাবে কোনো প্রতিবেশী দেশের ভূখণ্ডও বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার না হওয়ার প্রত্যাশা করে সরকার।
ভারতে ক্ষমতাচ্যুত সরকারের বিভিন্ন ব্যক্তির অবস্থানের প্রসঙ্গ তুলে চিফ হুইপ বলেন, গত ১৭ বছরে নিপীড়ন, গুম, খুন ও লুটপাটের সঙ্গে জড়িত ব্যক্তিদের ভারত আশ্রয় দেবে না বলে তারা আশা করেন। বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে ভারতের ভূমিকা নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেন।
চিফ হুইপ বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার হবে। তবে এ সম্পর্ক হতে হবে স্বাধীন ও সার্বভৌম দেশের মর্যাদার ভিত্তিতে।
এ ছাড়া দুই দেশের সংসদ সদস্যদের নিয়ে একটি ‘ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠনের প্রস্তাব, পানিবণ্টন, সীমান্তে কাঁটাতারের বেড়া এবং বিএসএফের হাতে বাংলাদেশি নিহত হওয়ার বিষয় নিয়েও কথা বলেন তিনি। এসব সমস্যা মানবিক দৃষ্টিভঙ্গিতে সমাধানে ভারতের সহযোগিতা প্রত্যাশা করেন চিফ হুইপ।
মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইরানের কোন উদ্বেগ নেই
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
এলপি গ্যাসের দাম কমলো