সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের টেলিযোগাযোগ, জ্বালানি ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যবস্থা ছাড়াও পানি সরবরাহ অবকাঠামোতে ইরানি হ্যাকাররা সাইবার হামলার চেষ্টা চালিয়েছে বলে জানিয়েছে এনবিসি নিউজ। তবে এখন পর্যন্ত এসব হামলার কোনোটি সফল হয়নি।
সরকার ও শিল্প খাতের সাইবার হুমকি-সংক্রান্ত তথ্যের সঙ্গে সংশ্লিষ্ট চার ব্যক্তির বরাত দিয়ে বুধবার (২ আগস্ট) এ তথ্য প্রকাশ করেছে এনবিসি নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, হামলার চেষ্টাগুলো মূলত ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত স্বয়ংক্রিয় ব্যবস্থাকে লক্ষ্য করে চালানো হয়েছে। এসব হামলার প্রযুক্তিগত সক্ষমতা খুব বেশি উন্নত না হলেও ইন্টারনেট-সংযুক্ত মৌলিক সরঞ্জামের ওপর নির্ভরশীল কিছু অবকাঠামোর জন্য তা ঝুঁকি তৈরি করতে পারে।
এদিকে ইরানি সাইবার তৎপরতার মুখপাত্র হিসেবে নিজেদের পরিচয় দেওয়া এপিটি ইরান নামের একটি টেলিগ্রাম চ্যানেল যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলার হুমকি দিয়েছে। চ্যানেলটির এক বার্তায় দাবি করা হয়, শিগগিরই যুক্তরাষ্ট্র জ্বালানি, পানি ও টেলিযোগাযোগ খাতে অপ্রত্যাশিত ও গুরুত্বপূর্ণ ঘটনা দেখতে পারে। তবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সফল সাইবার হামলা চালানোর কোনো প্রমাণ দেয়নি চ্যানেলটি।
এর আগে যুক্তরাষ্ট্রের অন্তত সাতটি অঙ্গরাজ্যের স্থানীয় পানি সরবরাহ ব্যবস্থায় সাইবার হামলার ঘটনা তদন্ত করছিল এফবিআই। এনবিসি নিউজের আগের এক প্রতিবেদনে বলা হয়েছিল, এসব হামলার পেছনে ইরানি হ্যাকারদের থাকার সম্ভাবনাই বেশি। তবে হামলাগুলোতে বড় ধরনের কোনো বিপর্যয় বা পানিদূষণের ঘটনা ঘটেনি।
মার্কিন সাইবার নিরাপত্তা কর্মকর্তারাও সতর্ক করে জানিয়েছেন, ইরানি হ্যাকাররা ইন্টারনেট-সংযুক্ত শিল্প নিয়ন্ত্রণ ব্যবস্থায় প্রবেশের চেষ্টা করছে। এ পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ অবকাঠামোর পরিচালকদের নিজেদের সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান জানানো হয়েছে।
এনবিসি নিউজের প্রশ্নের জবাবে মার্কিন সাইবার নিরাপত্তা ও অবকাঠামো নিরাপত্তা সংস্থা কোনো মন্তব্য করেনি। হোয়াইট হাউস প্রশ্নগুলো এফবিআইয়ের কাছে পাঠালেও সংস্থাটি কোনো প্রতিক্রিয়া জানায়নি। সিআইএও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল
সুপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরিতে ইরানকে রাশিয়ার গোপন সহায়তা
বিয়ের অনুষ্ঠানে হামলায় যুক্তরাষ্ট্রকে ‘শয়তান’ বললেন গালিবাফ
হরমুজে মাইন বিস্ফোরণে দুই জাহাজে আগুন