জামালপুর-ঢাকা সড়কে বাস চলাচল বন্ধ

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ এএম

চালক ও শ্রমিকদের নিরাপত্তার দাবিতে জামালপুর-ঢাকা সড়কে বাস চলাচল বন্ধ করে দিয়েছে জামালপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল থেকে জেলা শহরের পৌর বাস টার্মিনাল থেকে ঢাকাগামী কোনো বাস ছেড়ে যায়নি। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

সরেজমিনে দেখা যায়, ঢাকাগামী বিভিন্ন পরিবহনের বাসগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। তবে কোনো বাসেই যাত্রী তোলা হচ্ছে না। অন্যদিকে জামালপুরের অভ্যন্তরীণ বিভিন্ন রুটে বাসসহ অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

জামালপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ জানান, বুধবার রাতে জামালপুর আন্তঃজেলা বাস টার্মিনালে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে ঢাকার পথে বাস চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকে জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

শ্রমিক নেতা হারুনুর রশিদ বলেন, গত ৩১ আগস্ট রাতে সদর উপজেলার লাহেরীকান্দা এলাকায় রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন।

তিনি বলেন, ওই ঘটনার জেরে বুধবার সকালে সদর উপজেলার নান্দিনা বাজার এলাকায় রাজীব পরিবহনের দুটি বাস আটকে ভাঙচুর করা হয়। এ সময় বাসের চালক ও চালকের সহকারীদের মারধর এবং তাদের কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে।

এ ঘটনায় শ্রমিকদের মধ্যে নিরাপত্তাহীনতা ও ক্ষোভ তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, চালক ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ঢাকার পথে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই সঙ্গে বাসে হামলা ও ভাঙচুর এবং শ্রমিকদের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান শ্রমিক নেতারা।

এমইউ
আরও পড়ুন