গঙ্গা চুক্তি নবায়নে বিহারের উদ্বেগ বিবেচনা করবে ভারত

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ এএম

বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে বিহারের উদ্বেগ ও স্বার্থ বিবেচনায় নেওয়া হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

বুধবার (২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানায়, গত ২৮ আগস্ট বিহারের সাবেক পানিসম্পদমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য সঞ্জয় ঝাকে দেওয়া এক চিঠিতে এ কথা জানান জয়শঙ্কর।

৩০ বছর মেয়াদি চুক্তিটির মেয়াদ চলতি বছরের ডিসেম্বরের শেষে শেষ হওয়ার কথা। চুক্তির আওতায় শুষ্ক মৌসুমে বাংলাদেশ গঙ্গার পানির একটি নির্ধারিত অংশ পেয়ে থাকে। মেয়াদ শেষ হওয়ার আগেই চুক্তিটি নবায়ন নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।

তবে চুক্তি নবায়নের বিরোধিতা করে আসছে বিহার সরকার। রাজ্যটির দাবি, চুক্তির কারণে বিহারের কৃষক ও সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সঞ্জয় ঝাও দীর্ঘদিন ধরে চুক্তি নবায়ন না করার পক্ষে অবস্থান নিয়ে আসছেন।

জয়শঙ্কর জানান, গঙ্গা চুক্তির ভবিষ্যৎ নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে। ২০২৩ ও ২০২৪ সালে জলশক্তি মন্ত্রণালয়ের নেতৃত্বে এসব আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে উঠে আসা বিষয়গুলো পর্যালোচনা করে সরকার পরবর্তী সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি।

সঞ্জয় ঝার দাবি, বিহার কোনো বিশেষ সুবিধা চাইছে না; বরং বৈজ্ঞানিক বিশ্লেষণের ভিত্তিতে রাজ্যের পানি নিরাপত্তা নিশ্চিত করতে চুক্তি নবায়ন না করার কথা বলছে। তাঁর আশঙ্কা, চুক্তি আরও ৩০ বছর বহাল থাকলে বিহারের বিপুল জনগোষ্ঠী খাবার, কৃষি ও শিল্পের জন্য প্রয়োজনীয় পানির সংকটে পড়তে পারে।

এএম
আরও পড়ুন