এশিয়ান ফুটবল কাপ (এএফসি) অনূর্ধ্ব-২০ বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচেও হেরেছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার তাসখন্দের দোস্তলিক স্টেডিয়ামে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে জেরার্ড জোন্সের দল। এর আগে প্রথম ম্যাচে উজবেকিস্তানের কাছে হেরেছিল তারা। টানা দুই হারে বাছাইপর্ব পেরোনোর সম্ভাবনা শেষ হয়ে গেছে বাংলাদেশের যুবাদের। আগামী রোববার নিয়মরক্ষার শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
জুনিয়র কিংবা সিনিয়র কোনো পর্যায়েই এখন পর্যন্ত সিরিয়াকে হারাতে পারেনি বাংলাদেশ। এই ম্যাচের আগে যুব দল ও জাতীয় পুরুষ দল সিরিয়ার বিপক্ষে তিনটি করে ম্যাচ খেলেছে বাংলাদেশ। হার ছয় ম্যাচের সব কটিতেই।
আজও উজবেকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের মতোই বিবর্ণ ফুটবল খেলেছে বাংলাদেশ। প্রথমার্ধে বারবার বল হারানো, কখনো আক্রমণে উঠেও গোলের সুযোগ কাজে লাগাতে না পারা সব মিলিয়ে সময়ের সঙ্গে হতাশাই বেড়েছে। তবে এর মধ্যেও সিরিয়ার আক্রমণ রুখে জাল অক্ষত রাখতে পেরেছিল বাংলাদেশ।
সিরিয়া এগিয়ে যায় প্রথমার্ধের বিরতির আগমুহূর্তে। ৪৪ মিনিটে গোল করেন বেলাল আল-মুসলি। যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন মারিওস প্রাক্সিতেলেস। বিরতির পর ফিরে প্রথম ১৫ থেকে ২০ মিনিট কিছুটা গোছানো ফুটবল খেলেছে বাংলাদেশ। কিন্তু গোলের সম্ভাবনা তৈরি করা যায়নি। অন্যদিকে সিরিয়ার আক্রমণের ধারও কমেনি। রেফারির শেষ বাঁশির আগে তৃতীয় গোলের দেখাও পেয়ে যায় দলটি।
পরিসংখ্যানেও পরিষ্কার সিরিয়ার আধিপত্য। পুরো ম্যাচে প্রায় ৭০ শতাংশ সময় বল ছিল তাদের দখলে। বাংলাদেশের গোলমুখে ১৮টি শট নিয়েছে সিরিয়া, যার ৯টি ছিল লক্ষ্যে। বাংলাদেশ শট নিয়েছে মাত্র ৩টি, কিন্তু ১টিও লক্ষ্যে রাখতে পারেনি।
সব মিলিয়ে উজবেকিস্তানের পর সিরিয়ার কাছেও হার বাংলাদেশের অনূর্ধ্ব-২০ দলের এশিয়ান কাপ বাছাই উতরানোর পথ বন্ধ হয়ে গেছে। সম্ভাবনা টিকিয়ে রাখতে ন্যূনতম গ্রুপ রানার্সআপ হতে হতো। বাংলাদেশের তৃতীয় হওয়াও এখন অনিশ্চিত।
এবারের এশিয়ান কাপ বাছাইয়ে ৪৪টি দলকে ভাগ করা হয়েছে দুটি স্তরে। নিচের সারির ১২টি দল খেলছে ‘ডেভেলপমেন্ট বিভাগে’। আর চূড়ান্ত পর্বের লড়াইয়ে বাংলাদেশসহ ৩২টি দল। ৪টি করে দল নিয়ে ৮টি গ্রুপ। আট গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা সাত রানার্সআপ দল আগামী বছর চীনের মূল পর্বে জায়গা করবে। এই ১৫ দলের সঙ্গে আয়োজক হিসেবে মূল পর্বে সরাসরি থাকবে চীন।
শ্রীলঙ্কার পরিবর্তে ভারতে প্রথম নারী চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন
বিপিএল না হওয়ায় বিসিবির নতুন পদক্ষেপ