ফেলে দেওয়া ২০ হাজার টায়ারেই বদলে গেলো রাস্তা তৈরির কৌশল

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ এএম

যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের একটি সড়ক নির্মাণ প্রকল্পে প্রচলিত উপকরণের পরিবর্তে প্রায় ২০ হাজার পুরোনো গাড়ির টায়ার ব্যবহার করা হয়েছে। তবে পুরো টায়ার নয়- সেগুলো কেটে ছোট ছোট চিপে পরিণত করে রাস্তার নিচের স্তরে বিছিয়ে দেওয়া হয়েছে।

প্রকৌশলীদের এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল মেইনের কঠিন শীত এবং বসন্তকালের কাদার কারণে সড়কে তৈরি হওয়া গর্ত ও খাঁজের সমস্যা কমানো। তীব্র শীতে মাটি জমে শক্ত হয়ে যায়, আবার বসন্তে বরফ গলে অতিরিক্ত পানি জমে রাস্তার ভিত্তি দুর্বল হয়ে পড়ে। এতে কাঁচা ও নুড়ি-পাথরের সড়ক দ্রুত ক্ষতিগ্রস্ত হয়।

পুরোনো টায়ার থেকে তৈরি চিপগুলো তুলনামূলক হালকা এবং পানির চলাচলের জন্য অত্যন্ত কার্যকর। একই সঙ্গে এগুলোর তাপ নিরোধক ক্ষমতাও ভালো। ফলে রাস্তার নিচে এগুলো ব্যবহারের মাধ্যমে মাটির জমাট বাঁধা ও বরফ গলার কারণে সৃষ্ট সমস্যার প্রভাব কমানো সম্ভব বলে প্রকল্পসংশ্লিষ্টরা মনে করছেন।

প্রকল্পটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো বর্জ্য ব্যবস্থাপনা। প্রতিবছর মেইনে ১০ লাখের বেশি পুরোনো টায়ার ফেলে দেওয়া হয় এবং এগুলোর পুনর্ব্যবহার বা নিরাপদে নিষ্পত্তি করা একটি বড় চ্যালেঞ্জ। রাস্তার নির্মাণকাজে টায়ার চিপ ব্যবহার করায় বিপুল পরিমাণ বর্জ্যকে ল্যান্ডফিলে পাঠানোর প্রয়োজন কমছে।

এই পদ্ধতির কার্যকারিতা যাচাই করতে প্রকৌশলীরা রাস্তার বিভিন্ন অংশে তাপমাত্রা পর্যবেক্ষণের জন্য সেন্সরও স্থাপন করেছেন। শীত, গ্রীষ্ম ও বর্ষা- বিভিন্ন মৌসুমে রাস্তার আচরণ পর্যবেক্ষণ করে টায়ার চিপ ব্যবহারের দীর্ঘমেয়াদি সুবিধা মূল্যায়ন করা হচ্ছে।

প্রাথমিক ফলাফল আশাব্যঞ্জক হওয়ায় মেইনের প্রকৌশলীরা ভবিষ্যতে আরও বড় সড়ক প্রকল্পে এ ধরনের উপকরণ ব্যবহারের সম্ভাবনা খতিয়ে দেখছেন। বিশেষ করে যেখানে শীত ও বসন্তের আবহাওয়ার কারণে রাস্তার স্থায়িত্ব নিয়ে সমস্যা বেশি, সেখানে এটি কার্যকর বিকল্প হতে পারে।

অর্থাৎ, একসময় যেসব পুরোনো টায়ারকে পরিবেশের জন্য বোঝা হিসেবে দেখা হতো, সেগুলোকেই এবার সড়কের স্থায়িত্ব বাড়াতে কাজে লাগানো হচ্ছে। বর্জ্য পুনর্ব্যবহার ও অবকাঠামো উন্নয়নের সমন্বয়ে মেইনের এই উদ্যোগ ভবিষ্যতে অন্য এলাকাতেও অনুসরণ করা হতে পারে।

ওয়াইএ
আরও পড়ুন