মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিকট বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাদারীপুর সদর থানার ওসি আবুল কালাম আজাদ।
এর আগে বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোল্লাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের তীব্রতায় একটি বাড়ির টিনের চালের অংশ উড়ে যায়। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা জানতে পারেন, একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণটি ঘটেছে।
স্থানীয়দের অভিযোগ, ইতালি প্রবাসী ও স্থানীয় যুবদল নেতা রাজ্জাক মোল্লার পরিত্যক্ত বাড়িতে গোপনে বোমা তৈরির কাজ চলছিল। বোমা তৈরির একপর্যায়ে বিস্ফোরণ ঘটে। এ সময় সেখানে থাকা অন্তত ছয়জন আহত হন।
আহতদের মধ্যে সিদ্দিক, আহাদ গাজী, নয়ন গাজী ও রাব্বী আকনের নাম জানা গেছে। অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্র জানায়, বিস্ফোরণের পর আহতরা দ্রুত ঘটনাস্থল থেকে চলে যান। ফলে তাদের বর্তমান অবস্থান ও চিকিৎসার বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করে। তিনি একই এলাকার মফিজ গাজীর ছেলে বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, একটি পক্ষের সঙ্গে বিরোধের জের ধরে বাইরে থেকে বোমা তৈরির কারিগর এনে ওই পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরক তৈরি করা হচ্ছিল। তবে এ অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সময় রাজ্জাক মোল্লা এলাকায় না থাকায় তার বক্তব্যও পাওয়া যায়নি।
এদিকে বিস্ফোরণের ঘটনায় এলাকায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। স্থানীয়দের আশঙ্কা, চলমান বিরোধকে কেন্দ্র করে আরও সহিংস ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নাসিরনগরে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২০
টাঙ্গাইলের চমচম বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হবে: টুকু
গাজীপুর আদালত প্রাঙ্গণে এনসিপির বিক্ষোভ
শিক্ষকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১