রাজা তৃতীয় চার্লসের প্রতিকৃতি সংবলিত নতুন ২০ ডলারের নোট উন্মোচন করেছে কানাডা। রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর দেশটির নতুন রাজা হিসেবে তৃতীয় চার্লসের ছবি নিয়ে এটিই কানাডার প্রথম নতুন ব্যাংকনোট।
বৃহস্পতিবার (৪ বৃহস্পতিবার) কানাডার কেন্দ্রীয় ব্যাংকের এক অনুষ্ঠানে নতুন নোটটি উন্মোচন করা হয়। ব্যাংকটির গভর্নর টিফ ম্যাকলেম দিনটিকে বিশেষ দিন হিসেবে উল্লেখ করেন।
নতুন ২০ ডলারের নোটটির অন্যতম বৈশিষ্ট্য হলো এর উল্লম্ব নকশা। নোটের সামনের অংশে রয়েছে রাজা তৃতীয় চার্লসের প্রতিকৃতি। পেছনের অংশে ফ্রান্সে অবস্থিত ভিমি রিজ স্মৃতিসৌধের ছবি রাখা হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধে কানাডার ভূমিকার স্মরণে এই ছবি ব্যবহার করা হয়েছে।
কানাডার কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নোটটিতে ফুল ও পাতার একটি নকশাও রয়েছে। পরিবেশ সংরক্ষণে রাজা চার্লসের দীর্ঘদিনের আগ্রহ থেকে এই নকশার অনুপ্রেরণা নেওয়া হয়েছে। নোটটির কিছু উপাদান বাছাইয়ের ক্ষেত্রে আদিবাসী জনগোষ্ঠীর একটি পরামর্শক পরিষদের সঙ্গে আলোচনা করা হয়েছে।
আগামী বছরের শুরুর দিকে নতুন নোটটি বাজারে ছাড়া হবে বলে জানিয়েছেন ম্যাকলেম।
ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে সম্পর্ক থাকা কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মুদ্রায় রাজা তৃতীয় চার্লসের প্রতিকৃতি রয়েছে। তবে অস্ট্রেলিয়া নতুন ব্যাংকনোটে তাঁর ছবি না রাখার সিদ্ধান্ত নিয়েছে। দেশটি বর্তমান রানি দ্বিতীয় এলিজাবেথের ছবি সংবলিত পাঁচ ডলারের নোটের পরিবর্তে আদিবাসী অস্ট্রেলীয়দের সংস্কৃতি ও ইতিহাসকে তুলে ধরে নতুন নোট চালুর পরিকল্পনা করছে।
তৃতীয় চার্লস সিংহাসনে আরোহণের পর ব্রিটেনের বাইরে ব্যাংকনোটে তাঁর প্রতিকৃতি ব্যবহার করা প্রথম কমনওয়েলথ দেশ হিসেবে কানাডা নজির তৈরি করল।
কানাডায় রাজতন্ত্রের আনুষ্ঠানিক সম্পর্ক শেষ করার পক্ষে জনমত থাকলেও সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির উত্তেজনার মধ্যে রাজপরিবারের জনপ্রিয়তায় কিছুটা পরিবর্তন এসেছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার মন্তব্য এবং চলমান বাণিজ্য বিরোধের প্রেক্ষাপটে রাজতন্ত্র নিয়ে আগ্রহ সামান্য বেড়েছে।
গত মে মাসে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি দেশটির পার্লামেন্টের অধিবেশন উদ্বোধনের জন্য রাজা চার্লসকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, রাজার এই সফর কানাডার সার্বভৌমত্বকে স্পষ্টভাবে তুলে ধরে।
রাজা তৃতীয় চার্লস কানাডার রাষ্ট্রপ্রধান। দেশটিতে তাঁর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন গভর্নর জেনারেল লুইস আরবোর। সূত্র: বিবিসি
স্টিভ আরউইনের ২০তম মৃত্যুবার্ষিকীতে পরিবারের শ্রদ্ধা
হামাস কমান্ডার নিহতের দাবি ইসরায়েলের
‘বসনিয়ার কসাই' রাতকো ম্লাদিচকে সামরিক মর্যাদায় দাফন