ফকল্যান্ড দ্বীপপুঞ্জ কেন্দ্র করে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার বহু পুরোনো বিতর্ক আবার নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। বিরোধপূর্ণ এই অঞ্চলে তেল ও গ্যাস উত্তোলনে যুক্ত কোম্পানিগুলোর বিরুদ্ধে এবার সরাসরি অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের কড়া হুমকি দিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই।
তিনি জানান, বিতর্কিত এই সামুদ্রিক অঞ্চলে অনুমোদন ছাড়া পরিচালিত তেল প্রকল্প বন্ধে তিনি নতুন আইন পাস এবং একটি বিশেষ ডিক্রি জারি করবেন। এই আইনের ফলে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর পাশাপাশি তাদের পরিচালনা পর্ষদ, অংশীদার ও সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোও শাস্তির মুখে পড়বে।
মূলত ফকল্যান্ডের সি লায়ন তেলক্ষেত্রকে কেন্দ্র করেই প্রেসিডেন্ট মিলেইয়ের এই কঠোর অবস্থান। যুক্তরাজ্যের রকহপার ও ইসরায়েলের নাভিতাস পেট্রোলিয়ামের যৌথ পরিচালনায় প্রায় ১৭০ কোটি ব্যারেল তেলের বিপুল মজুত সমৃদ্ধ এই প্রকল্পে খুব শীঘ্রই বাণিজ্যিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
সি লায়ন প্রকল্পের কাজ শুরু হওয়াকে আর্জেন্টিনার জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের জন্য বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে। আর্জেন্টিনা সরকার আশঙ্কা করছে, এই প্রকল্পের মাধ্যমে তাদের অনুমতি ছাড়াই নিজেদের দাবি করা অঞ্চলের বিপুল প্রাকৃতিক সম্পদ হাতছাড়া হয়ে যাবে।
এই পরিস্থিতিতে দেশের দক্ষিণ সীমান্তে সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং তিয়েরা দেল ফুয়েগো প্রদেশে একটি আধুনিক নৌঘাঁটি নির্মাণের পরিকল্পনা নিয়েছে আর্জেন্টিনা। একই সাথে পুরো অঞ্চলের যোগাযোগ ও টেলিকম অবকাঠামো ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কিছু সাম্প্রতিক মন্তব্যে এই ইস্যুতে উৎসাহ পেয়েছে বুয়েনস আইরেস। ফকল্যান্ড বিষয়ে যুক্তরাজ্যের ওপর আমেরিকার অকৃত্রিম সমর্থনের নীতি পুনর্মূল্যায়নের ইঙ্গিত মেলায় নিজেদের দাবি জোরালো করছে আর্জেন্টিনা।
একই সাথে আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে অভ্যন্তরীণ রাজনীতিতে জাতীয়তাবাদী সমর্থন জোগাতেও হাভিয়ের মিলেই ফকল্যান্ড বিতর্ককে নতুন করে সামনে এনেছেন। এই অঞ্চলটির ওপর নিয়ন্ত্রণ ফিরে পাওয়া আর্জেন্টাইনদের কাছে একটি আবেগঘন জাতীয় ইস্যু।
উল্লেখ্য, ১৮৩৩ সাল থেকে ব্রিটিশ নিয়ন্ত্রণে থাকা ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে ১৯৮২ সালে দু'দেশের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ হয়। পরবর্তীতে ২০১৩ সালের গণভোটে ৯৯.৮ শতাংশ স্থানীয় বাসিন্দা যুক্তরাজ্যের ওভারসিজ টেরিটরি হিসেবে থাকার পক্ষেই মতামত দেন।
সূত্র: রয়টার্স
শিক্ষার সমঅধিকার চায় ভারতের জেন আলফা প্রজন্ম
‘পাগল রাজা’ নয়, প্রেসিডেন্টের মতো আচরণ করুন
১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ আজ