৫ দিন পর হিলি স্থলবন্দর খুলছে আজ

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ এএম

টানা পাঁচ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হচ্ছে আজ। ব্যবসায়িক জটিলতা নিরসনে প্রশাসনের সঙ্গে আলোচনার পর ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়ায় বন্দরের বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক হওয়ার পথ খুলেছে।

শনিবার ( ৫ সেপ্টেম্বর) বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক হওয়ার কথা রয়েছে।

ব্যবসায়িক জটিলতার কারণে গত ৩০ আগস্ট থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। এতে দুই দেশের ব্যবসায়ী ও আমদানিকারক-রপ্তানিকারকদের মধ্যে অচলাবস্থা তৈরি হয়।

ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশন গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে। বৈঠকে সংশ্লিষ্ট সমস্যাগুলো নিয়ে আলোচনা ও সমাধানের আশ্বাস পাওয়ার পর ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় সংগঠনটি।

পরে সংগঠনের সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র মণ্ডল স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে গতকাল শুক্রবার বাংলাদেশি ব্যবসায়ীদের বিষয়টি জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, ব্যবসাসংক্রান্ত জটিলতার কারণে গত ৩০ আগস্ট থেকে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। প্রশাসনের সঙ্গে আলোচনার পর সমস্যাগুলো সমাধানের আশ্বাস পাওয়ায় আগামী ৫ সেপ্টেম্বর শনিবার থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফলে শনিবার থেকে হিলি স্থলবন্দরের মাধ্যমে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি আবারও স্বাভাবিক হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

এমইউ
আরও পড়ুন