১৪ কেজি স্বর্ণ উদ্ধার, বিমানের টেকনিক্যাল হেলপার আটক

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পিএম

দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অভিযান চালিয়ে ১৪ কেজি ৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিমানের এক টেকনিক্যাল হেলপারকে আটক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করা হয়।

বিমানবন্দর সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট ফ্লাইটে স্বর্ণ পাচারের সম্ভাব্যতা সম্পর্কে আগেই সতর্ক ছিল কর্তৃপক্ষ। ফ্লাইটের যাত্রীরা নেমে যাওয়ার পর সন্দেহভাজন ওই কর্মীর গতিবিধির ওপর নজর রাখা হয়। একপর্যায়ে তাকে দেখে সন্দেহ হলে আটক করতে গেলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়।

আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে উড়োজাহাজটির ভেতরে তল্লাশি চালানো হয়। এ সময় সেখান থেকে ১৪ কেজি ৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।

বিমানবন্দর সূত্র আরও জানিয়েছে, এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। আটক ব্যক্তিকে উদ্ধার করা স্বর্ণসহ কাস্টমস কর্তৃপক্ষের হেফাজতে রাখা হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এমসিএইচ
আরও পড়ুন