ইরানের ইসফাহান প্রদেশের পরমাণু কেন্দ্র ও স্থাপনায় যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কোনো হামলা চালায়নি বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া হামলার খবরকে সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে বাহিনীটি।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসির ইমাম সাহেব আল-জামান কোর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আমেরিকান-জায়নিস্ট শত্রুর ইসফাহান প্রদেশের পরমাণু কেন্দ্র ও স্থাপনায় হামলার দাবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে জনগণকে অবহিত করা হচ্ছে। এসব প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যা।
আইআরজিসি স্পষ্ট করে বলেছে, প্রতিবেদনে দাবি করা হলেও ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসফাহানের কোনো পরমাণু স্থাপনায় হামলা চালানো হয়নি।
এ ধরনের সংবেদনশীল পরিস্থিতিতে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়ার বিষয়েও সতর্ক করেছে আইআরজিসি। তাদের ভাষ্য, শত্রুপক্ষের উপাদানগুলো জনমনে আতঙ্ক ও উত্তেজনা সৃষ্টি এবং মানুষের মানসিক স্থিতি নষ্ট করার উদ্দেশ্যে এ ধরনের অপতথ্য ছড়াতে পারে।
ইসফাহান ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু ও সামরিক অবকাঠামোর অন্যতম কেন্দ্র হওয়ায় সেখানে হামলার যেকোনো খবর দ্রুতই ব্যাপক উদ্বেগ তৈরি করতে পারে। সেই প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দাবির সত্যতা নাকচ করে পরিস্থিতি শান্ত রাখার বার্তা দিয়েছে আইআরজিসি। সূত্র: ডন
'যুক্তরাষ্ট্রের সামরিক শ্রেষ্ঠত্ব মোকাবিলা করেও টিকে আছে ইরান'
তিন ইরানি তেলবাহী জাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
'ইরানের পিকঅ্যাক্স পর্বতে পারমাণবিক হামলা চালিয়েও লাভ হবে না'