ক্ষেতলালে সার মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ পিএম

জয়পুরহাটের ক্ষেতলালে অবৈধভাবে সার মজুদ রাখার দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে মজুদ করা ৫৭ বস্তা সার জব্দ করে সরকারি নির্ধারিত দামে কৃষকদের কাছে বিক্রি করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বড়তারা ইউনিয়নের পাঠানপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানকালে পাঠানপাড়া বাজারে মো. আবু হাসানের কীটনাশকের দোকানের পাশ থেকে চটের বস্তা দিয়ে ঢেকে রাখা ৫৭ বস্তা সার উদ্ধার করা হয়। অবৈধভাবে সার মজুদের দায়ে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ৮(১) ধারায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

জব্দ করা সারের মধ্যে ছিল ৪৯ বস্তা টিএসপি, পাঁচ বস্তা এমওপি ও তিন বস্তা ইউরিয়া। পরে এসব সার সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে মোট ৭৫ হাজার ২০০ টাকায় বিক্রি করা হয়।

অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা ও পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী জানান, জরিমানা থেকে পাওয়া অর্থ এবং জব্দ করা সার বিক্রির টাকা পরবর্তী কার্যদিবসের মধ্যে সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

তিনি বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা এবং সারসহ কৃষি উপকরণের কৃত্রিম সংকট ও অবৈধ মজুদ ঠেকাতে জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।

এমসিএইচ
আরও পড়ুন