ইরান সরকারের গলা চেপে ধরার হুঁশিয়ারি স্কট বেসেন্টের

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পিএম

অর্থনৈতিক চাপ বাড়িয়ে ইরানের সরকারকে গলা চেপে ধরার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি বলেছেন, তেহরানের ওপর ওয়াশিংটনের অর্থনৈতিক চাপ অব্যাহত থাকবে এবং এর লক্ষ্য ইরানের সরকারের অর্থনৈতিক সক্ষমতা সংকুচিত করা।

লারা ট্রাম্পের উপস্থাপিত একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় বেসেন্ট ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের চলমান অর্থনৈতিক অভিযান, দেশটির তেল আয়ের ওপর চাপ এবং অন্যান্য আন্তর্জাতিক বাণিজ্যিক সংযোগ বিচ্ছিন্ন করার প্রচেষ্টার বিষয়ে কথা বলেন।

বেসেন্টের মন্তব্য এমন সময়ে এলো, যখন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক অভিযান ক্রমেই বিস্তৃত হচ্ছে। ওয়াশিংটন এই অভিযানের নাম দিয়েছে অপারেশন ইকোনমিক আউটকাস্ট। এর আওতায় ইরানের তেল বিক্রি, আর্থিক লেনদেন এবং দেশটির সঙ্গে ব্যবসা করা প্রতিষ্ঠান ও নেটওয়ার্ককে লক্ষ্য করা হচ্ছে।

এর আগে বেসেন্ট বলেছিলেন, ইরানের অর্থনীতিকে টিকিয়ে রাখা প্রতিটি গুরুত্বপূর্ণ আর্থিক সংযোগ বিচ্ছিন্ন করাই এই অভিযানের লক্ষ্য। যুক্তরাষ্ট্রের দাবি, তেহরানের রাজস্বের প্রধান উৎসগুলো বন্ধ করে দিলে দেশটির ওপর রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ আরও বাড়বে।

সাম্প্রতিক সময়ে ইরানের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা ও নৌ অবরোধও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। বেসেন্টের দাবি, চীনের জন্য ইরানের হাতে অবিক্রীত অপরিশোধিত তেলের মজুতও সীমিত হয়ে এসেছে। 

তবে তেহরান জানিয়েছে, মার্কিন অর্থনৈতিক চাপের মুখে তারা নতি স্বীকার করবে না। ইরানের অর্থমন্ত্রী আলি মাদানিজাদেহও সম্প্রতি বলেছেন, দেশের অর্থনীতি সংস্কারের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের চাপের ভিত্তিতে নেওয়া হবে না এবং অর্থনৈতিক সংকট মোকাবিলার দায়িত্ব ইরান সরকার ও জনগণের।

ফলে সামরিক সংঘাতের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অর্থনৈতিক লড়াইও আরও তীব্র হচ্ছে। ওয়াশিংটন নিষেধাজ্ঞা, তেল রপ্তানি বাধাগ্রস্ত করা এবং আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় ইরানের প্রবেশ সীমিত করার মাধ্যমে চাপ বাড়াচ্ছে; অন্যদিকে তেহরান এই চাপ মোকাবিলায় নিজেদের অর্থনীতি ও বিকল্প বাণিজ্যপথের ওপর নির্ভরতা বাড়ানোর চেষ্টা করছে। সূত্র: ফক্স নিউজ

এএস
আরও পড়ুন