রাশিয়া সীমান্তে ২০০ কি.মি. বেড়া, নিরাপত্তা জোরদার করছে ফিনল্যান্ড

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ এএম

রাশিয়ার সঙ্গে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে সীমান্ত নিরাপত্তা আরও কঠোর করছে ফিনল্যান্ড। দেশটির রাশিয়া সীমান্তের ২০০ কিলোমিটার অংশে সাড়ে চার মিটার উঁচু নিরাপত্তা বেড়া নির্মাণের কাজ শেষ হয়েছে। ক্যামেরা ও সেন্সরসহ আধুনিক নজরদারি প্রযুক্তি যুক্ত এই বেড়া নির্মাণে ব্যয় হয়েছে ৩৫৬ মিলিয়ন ইউরো।

ইউরো নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ফিনল্যান্ডের মোট ১ হাজার ৩৪০ কিলোমিটার দীর্ঘ রাশিয়া সীমান্তের একটি অংশে এই নিরাপত্তাব্যবস্থা তৈরি করা হয়েছে। এর বড় একটি অংশই রয়েছে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে।

যে কারণে সীমান্ত নিরাপত্তায় কড়াকড়ি

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণাঙ্গ সামরিক অভিযান শুরুর পর ফিনল্যান্ডের নিরাপত্তা পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন আসে। কয়েক দশক সামরিক জোটনিরপেক্ষতার নীতি অনুসরণের পর ২০২৩ সালের এপ্রিলে ন্যাটোর সদস্য হয় হেলসিঙ্কি।

এর কিছুদিন পর, ২০২৩ সালের শেষ দিকে রাশিয়া সীমান্ত দিয়ে ১ হাজার ৩০০ জনের বেশি ভিসাবিহীন অভিবাসী ফিনল্যান্ডে প্রবেশের চেষ্টা করেন।

হেলসিঙ্কি তখন অভিযোগ করে, তৃতীয় দেশের নাগরিকদের সীমান্তের দিকে ঠেলে দিয়ে রাশিয়া এক ধরনের ‘হাইব্রিড যুদ্ধ’ পরিচালনা করছে। তবে ক্রেমলিন এই অভিযোগ অস্বীকার করেছে। ওই ঘটনার পর ২০২৩ সালের শেষ দিকে রাশিয়ার সঙ্গে স্থলসীমান্ত পুরোপুরি বন্ধ করে দেয় ফিনল্যান্ড।

বেড়ার প্রযুক্তিগত ও আর্থিক বিবরণ

সাড়ে চার মিটার বা প্রায় ১৫ ফুট উঁচু এই নিরাপত্তা বেড়ায় আধুনিক প্রযুক্তির ক্যামেরা ও সেন্সর যুক্ত করা হয়েছে। এর বেশিরভাগ অংশই নির্মাণ করা হয়েছে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে।

পুরো প্রকল্পে ব্যয় হয়েছে ৩৫৬ মিলিয়ন ইউরো। বেড়াটি রক্ষণাবেক্ষণে প্রতি বছর আরও ২ থেকে ৩ মিলিয়ন ইউরো খরচ হবে।

ফিনল্যান্ডের মতে, ড্রোন প্রযুক্তির দ্রুত উন্নয়ন সত্ত্বেও জনসমাগম ও অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণে শারীরিক বেড়াকেই এখনো সবচেয়ে কার্যকর মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়। প্রয়োজনে ভবিষ্যতে এই বেড়ার পরিধি আরও বাড়ানো হতে পারে।

বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা

ফিনল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী মারি রানতানেন বর্তমান সীমান্ত পরিস্থিতিকে ‘শান্ত, তবে উত্তেজনাপূর্ণ’ বলে বর্ণনা করেছেন। পরিস্থিতি যেকোনো সময় দ্রুত বদলে যেতে পারে উল্লেখ করে তিনি দেশকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।

সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করতে পূর্ব ইউরোপের অন্যান্য দেশের জন্য ইউরোপীয় ইউনিয়নের কাছে অতিরিক্ত তহবিলও চেয়েছে ফিনল্যান্ড।

এ ছাড়া দেশটির সীমান্ত নিরাপত্তা আইন ২০২৮ সালের শেষ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। তবে আইনের কিছু বিধান মানবাধিকার ও ইউরোপীয় ইউনিয়নের আইনের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আইন বিশেষজ্ঞরা।

ফিনল্যান্ড ছাড়াও রাশিয়া ও বেলারুশ সীমান্তবর্তী ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত অন্যান্য দেশ সাম্প্রতিক সময়ে নিজেদের সীমান্ত নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে জোরদার করেছে।

এএম
আরও পড়ুন
সর্বশেষপঠিত