ব্রাহ্মণবাড়িয়ায় ১০ টন ভারতীয় জিরা জব্দ, আটক ৩

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) যৌথ অভিযানে ১০ হাজার ২০ কেজি বা প্রায় ১০ টন ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। এ সময় জিরা বহনকারী ট্রাক থেকে তিনজনকে আটক করা হয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় এ অভিযান চালানো হয়। দুপুরে বিজিবির ২৫ ব্যাটালিয়ন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

আটক ব্যক্তিরা হলেন ফয়সাল আবীর, আজিজুল হাকিম ও হাবিবুর রহমান। তাঁদের বাড়ি সিলেট ও রাজশাহী জেলায়।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহবাজপুর এলাকায় বিজিবি ও র‍্যাবের সমন্বয়ে একটি যৌথ চেকপোস্ট বসানো হয়। পরে সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করা হয়।

তিনি জানান, ট্রাকে থাকা ব্যক্তিরা জিরার পক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। পরে মালামাল জব্দের পাশাপাশি তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি।

এএম
আরও পড়ুন