ওপেনএআইয়ের সিইও'র চরিত্রে অভিনয় করে চ্যাটজিপিটি ছাড়লেন গারফিল্ড

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ার অন্যতম আলোচিত মুখ স্যাম অল্টম্যানের চরিত্রে অভিনয় করতে গিয়ে প্রযুক্তি নিয়ে এতটাই অস্বস্তিতে পড়েছেন অভিনেতা অ্যান্ড্রু গারফিল্ড যে নিজের চ্যাটজিপিটি অ্যাকাউন্টই মুছে দিয়েছেন।

লুকা গুয়াদানিনোর আসন্ন চলচ্চিত্র আর্টিফিশিয়াল-এ ওপেনএআইয়ের প্রধান নির্বাহী অল্টম্যানের চরিত্রে অভিনয় করেছেন গারফিল্ড। সম্প্রতি জিমি কিমেল লাইভ-এ উপস্থিত হয়ে তিনি জানান, চরিত্রটির প্রস্তুতি নিতে গিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে তার উদ্বেগ বেড়েছে।

গারফিল্ড বলেন, ২০১০ সালের দ্য সোশ্যাল নেটওয়ার্ক চলচ্চিত্রে ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা এদুয়ার্দো স্যাভেরিনের চরিত্রে অভিনয়ের পরও একই ধরনের অভিজ্ঞতা হয়েছিল। সেই চরিত্রে অভিনয়ের পর তিনি ফেসবুক ব্যবহার বন্ধ করে দিয়েছিলেন। এবারও একই ঘটনা ঘটেছে, চ্যাটজিপিটি ব্যবহার বন্ধ করে দিয়েছেন তিনি।

অভিনেতার ভাষ্য, কোনো প্রযুক্তি সম্পর্কে যত বেশি জানা যায়, ততই বোঝা যায় মানুষ কতটা অজানা এক ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে।

কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশ মানুষের জীবন ও কর্মসংস্থানে কী ধরনের প্রভাব ফেলতে পারে, তা নিয়েও কথা বলেন গারফিল্ড। তার মতে, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো নিজেরাও এখনো নিশ্চিত নয়, ভবিষ্যতে কত মানুষের চাকরি হারাতে পারে কিংবা সাধারণ মানুষের জন্য কার্যকর অর্থনৈতিক ব্যবস্থা কীভাবে তৈরি হবে।

তিনি কিছুটা ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বলেন, তাদের বক্তব্য অনেকটা এমন, আমরা জানি না কে চাকরি হারাবে বা কীভাবে সাধারণ মানুষের জন্য কাজ করা অর্থনীতি তৈরি হবে, তবে ভবিষ্যতে বিষয়টি জানা যাবে এবং সবকিছু দারুণ হবে।

আর্টিফিশিয়াল চলচ্চিত্রটি আগামী অক্টোবরে ৬৪তম নিউইয়র্ক চলচ্চিত্র উৎসবে প্রথমবার প্রদর্শিত হওয়ার কথা রয়েছে।

গারফিল্ডের ক্ষেত্রে অবশ্য প্রযুক্তি থেকে দূরে সরে যাওয়ার এই অভ্যাস নতুন নয়। এক চলচ্চিত্রে ফেসবুকের অন্যতম প্রতিষ্ঠাতার চরিত্রে অভিনয় করে ফেসবুক ছেড়েছিলেন, আর এবার ওপেনএআইয়ের প্রধান নির্বাহীর চরিত্রে অভিনয় করে চ্যাটজিপিটি। ফলে প্রশ্ন উঠতেই পারে, পরেরবার কোনো প্রযুক্তি উদ্যোক্তার চরিত্রে অভিনয় করলে গারফিল্ড আর কোন অ্যাপটি মুছে ফেলবেন? সূত্র: ডন

এএস
আরও পড়ুন