কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি। শুক্রবার লোহিত সাগরের মাঝখানে অবস্থিত ময়উন (পেরিম) দ্বীপটি দখলের মাধ্যমে এই প্রণালির ওপর নিজেদের একচ্ছত্র প্রভাব বিস্তার করে তারা।
আন্তর্জাতিক সংবাদসংস্থা এএফপিকে ইয়েমেনের এক সরকারি কর্মকর্তা জানান, বৃহস্পতিবার ওই দ্বীপ থেকে সরকারি বাহিনী সরে যাওয়ার পরপরই সশস্ত্র হুথি যোদ্ধারা নৌযানে করে দ্বীপে পৌঁছায়। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মতে, বাব আল-মান্দেব উপকূলজুড়ে এখন হুথি যোদ্ধাদের টহল ও সামরিক বাহিনীর ব্যাপক তৎপরতা দেখা যাচ্ছে।
৫০ কিলোমিটার দীর্ঘ এই সংকীর্ণ প্রণালিটি লোহিত সাগরকে এডেন উপসাগরের সাথে যুক্ত করার পাশাপাশি সুয়েজ খালের নৌযান চলাচলকেও প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করে। এছাড়া, মধ্যপ্রাচ্যের সমুদ্র উপকূলীয় তেলের প্রায় ১২ শতাংশ এই পথ দিয়েই বিশ্বজুড়ে পরিবাহিত হয়।
সম্প্রতি সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর সাথে হুথিদের তীব্র সংঘর্ষে শত শত মানুষ নিহত ও হাজার হাজার পরিবার বাস্তুচ্যুত হয়েছে। বিশ্ব পরিমণ্ডলে হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে পড়ায় বাব আল-মান্দেব প্রণালির গুরুত্ব বহুলাংশে বৃদ্ধি পেয়েছিল, যা হুথিদের নিয়ন্ত্রণে চলে যাওয়ায় এখন আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও নৌ-চলাচলের ক্ষেত্রে চরম অনিশ্চয়তা তৈরি করল।
সূত্র: এএফপি
মোখায় বোমা বর্ষণে ইয়েমেন সরকারের ফাঁদে হুতিরা