ব্রিকস সম্মেলনে কাপড়ে ঢাকা হলো দিল্লির বস্তি

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ এএম

ব্রিকসের ১৮তম সম্মেলনকে কেন্দ্র করে সাজসাজ রব তৈরি হয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লিতে। বিশ্বনেতাদের স্বাগত জানাতে শহরজুড়ে চলছে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের নানা আয়োজন।

এরই অংশ হিসেবে বিদেশি অতিথিদের যাতায়াতের পথে থাকা ‘বসন্ত বিহার কুলি ক্যাম্প’ নামের একটি বস্তি বড় কাপড়ের পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক এই সম্মেলনে অংশ নেওয়া বিশিষ্ট অতিথিরা যে রাস্তা দিয়ে যাতায়াত করবেন, বস্তিটি ঠিক সেখানেই অবস্থিত। শহরকে দৃষ্টিনন্দন করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হলেও তা নিয়ে ইতোমধ্যে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এটি কি কেবল সৌন্দর্যবর্ধন, নাকি শহরের দারিদ্র্যের আসল রূপ ঢেকে রাখার প্রচেষ্টা—তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

বস্তিবাসী জানান, ২০২৩ সালে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনের সময়ও একই উপায়ে এই বস্তিটি আড়াল করা হয়েছিল। বারবার এভাবে কাপড় টাঙানোর ফলে পুরো এলাকা ঢেকে যায় এবং তাদের স্বাভাবিক চলাচল ও ক্ষুদ্র ব্যবসা বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হয়। দিন এনে দিন খাওয়া এই মানুষদের দৈনন্দিন জীবনযাত্রায় এর নেতিবাচক প্রভাব স্পষ্ট।

অন্যদিকে, কর্তৃপক্ষের এই উদ্যোগকে সমর্থন জানিয়ে কেউ কেউ বলছেন—আন্তর্জাতিক কোনো বড় সম্মেলনের সময় দেশের ইতিবাচক ও পরিচ্ছন্ন চিত্র বিশ্ব দরবারে তুলে ধরা স্বাভাবিক। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং শৃঙ্খলা বজায় রাখতেও এমন কিছু সাময়িক পদক্ষেপের প্রয়োজন রয়েছে বলে তারা মনে করেন।

সূত্র: ওয়ান ইন্ডিয়া

এইচএন
আরও পড়ুন