টাঙ্গাইলের সখীপুরে সাড়ে ৩ বছরের শিশুপুত্র আশরাফুলকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মা আকলিমা বেগমের (৩৫) বিরুদ্ধে। এ ঘটনায় সিদরাতুল (৮) নামে আরেক শিশু গুরুতর আহত হয়েছে। ঘটনার পর শিশুটির মাকে পুলিশ হেফাজতে নিয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার খালিয়ার বাইদ (মুজিবনগর মোড়) এলাকায় এ ঘটনা ঘটে। সিদরাতুল নামে আহত শিশুটি আকলিমা বেগমের আগের স্বামীর ঘরের মেয়ে। তাকে গুরুতর অবস্থায় ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, শাহীন মিয়া প্রায় ৩০ বছর আগে প্রথম বিয়ে করেন। ওই সংসারে সন্তান না থাকায় পরবর্তীতে প্রথম স্ত্রীর উদ্যোগে তিনি আকলিমা বেগমকে দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রীর ঘরে আশরাফুলের জন্ম হয়। আকলিমা বেগম ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করায় বেশির ভাগ সময় বাইরে থাকতেন। ফলে শাহীন মিয়ার প্রথম স্ত্রী নাসিমা আক্তার শিশু আশরাফুলকে লালন-পালন করতেন। শিশুটি নাসিমাকে ‘বড়মা’ বলে ডাকতো। স্থানীয়দের ভাষ্য, সে নিজের মাকে ‘আন্টি’ বলে ডাকতো। তাদের ধারণা, শিশুটি নিজের মাকে ‘আন্টি’ বলে ডাকায় আকলিমার মধ্যে ক্ষোভ বা অভিমান তৈরি হয়। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, আকলিমা ও শাহীন মিয়ার মধ্যে কোনো পারিবারিক কলহ ছিল না। ফলে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত করতে পারেনি পুলিশ।
শিশিটির বাবা শাহীন মিয়া জানান, প্রায় ৩০ বছর পর তিনি পুত্রসন্তান পেয়েছিলেন। সেই সন্তানকে তার স্ত্রী হত্যা করেছে। শুধু তার সন্তান নয়, আকলিমার আগের স্বামীর ঘরের মেয়ে সিদরাতুলকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, ঘটনাস্থল সখীপুর ও ভালুকা থানার মধ্যবর্তী এলাকায়। ঘটনার পর শিশুটির মাকে সখীপুর থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় অন্যান্য আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
সিরাজগঞ্জের উলিপুরহাটে শামুকখোলের অভয়ারণ্য
ফটকে জং ধরা তালা, কাঁটাতারের বেড়া সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে ঢুকলেন এমপি