কুমিল্লার নাঙ্গলকোটে একটি বেসরকারি সংস্থার (এনজিও) দায়ের করা মামলায় ফাতেমা (২৪) নামের এক গৃহবধূকে কারাগারে পাঠানোর ঘটনা ঘটেছে। ঋণের কিস্তি পরিশোধ নিয়ে বিরোধের জেরে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়, যা নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী ফাতেমা উপজেলার চারজানিয়া গ্রামের বাসিন্দা সাগরের স্ত্রী। তার পরিবারের দাবি, সাজেদা ফাউন্ডেশন থেকে নেওয়া ঋণ ইতোমধ্যে সম্পূর্ণ পরিশোধ করা হয়েছে।
ফাতেমার অভিযোগ, সব টাকা পরিশোধের পরও এনজিও কর্তৃপক্ষ অতিরিক্ত ৩৫ হাজার টাকা দাবি করে আসছিল। রোববার সন্ধ্যায় এনজিও কর্মীরা জোরপূর্বক ১০ হাজার টাকা আদায় করেন এবং গভীর রাতে পুলিশ ডেকে তাকে ধরিয়ে দেন।
তবে সমস্ত অভিযোগ অস্বীকার করে সাজেদা ফাউন্ডেশনের শাখা ব্যবস্থাপক ইমরুল কায়েস ভিন্ন তথ্য দিয়েছেন। তার দাবি, ওই গৃহবধূর কাছে তাদের মোট ৫০ হাজার টাকা বকেয়া ছিল।
তিনি আরও জানান, একটানা ৮ থেকে ৯ মাস কোনো কিস্তি পরিশোধ না করায় নিয়মানুযায়ী মামলা করা হয়। আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি থাকায় পূর্বের নিয়ম মেনেই আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম জানান, আদালতের পরোয়ানা তামিল করা হয়েছে। একজন নারী পুলিশ কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত অভিযানে গৃহবধূকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন আজ, কোন দিকে ঝুঁকছে ভোটাররা?