নাটোরের বাগাতিপাড়ায় একটি পুকুর থেকে শাহজাহান আলী (৫৩) নামে আনসার-ভিডিপির এক সদস্যের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের চককোয়ালিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহজাহান আলী চককোয়ালিপাড়া গ্রামের মৃত নাদের আলীর ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার রাত ১১টার দিকে একই এলাকার একটি পুকুরপাড়ে কয়েকজনের সঙ্গে মুড়ি মাখিয়ে খেয়েছিলেন শাহজাহান। পরে সেখান থেকে বাড়ির উদ্দেশে বের হন তিনি। পরদিন সকালে পুকুরের মালিক আব্দুল খালেকের ছেলে রফিকুল ইসলাম পুকুরে গিয়ে পাড়ের একটি গাছের সঙ্গে শাহজাহানের শার্ট এবং নিচে স্যান্ডেল পড়ে থাকতে দেখেন। বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হলে তারা ঘটনাস্থলে এসে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানি থেকে শাহজাহানের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়দের ধারণা, বৃহস্পতিবার ওই পুকুরে অবাঞ্ছিত মাছ নিধনের জন্য গ্যাস ট্যাবলেট প্রয়োগ করা হয়েছিল। এরপর পুকুরে মাছ মরে ভেসে উঠছিল। রাতে বাড়ি ফেরার পথে পুকুরের পাড় দিয়ে যাওয়ার সময় মরা মাছ তুলতে গিয়ে পানিতে পড়ে শাহজাহানের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তারা।
শাহজাহানের ছেলে আসিফ আলী বলেন, তার বাবা বেশির ভাগ সময় পাশের গ্রামে থাকতেন। শুক্রবার বিকেলেও তিনি বাড়ি থেকে বের হয়ে সেখানে গিয়েছিলেন। পরে সকালে ফোন পেয়ে চাচাদের সঙ্গে নিয়ে পুকুরে গিয়ে বাবার মরদেহ উদ্ধার করেন। তার বাবার কারও সঙ্গে শত্রুতা বা আর্থিক লেনদেন ছিল না বলেও জানান তিনি। পুকুরের পাড় দিয়ে যাওয়ার সময় মরা মাছ তুলতে গিয়ে পানিতে পড়ে তার বাবার মৃত্যু হয়ে থাকতে পারে বলে পরিবারের ধারণা।
সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল্লাহ শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস বলেন, পুকুর থেকে মরদেহ উদ্ধারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
পর্যটকবাহী গাড়িতে ৪০ হাজার ইয়াবা, গ্রেপ্তার ১
ফুলবাড়ীতে ২৮ আঙুল নিয়ে জন্ম নিল কন্যাশিশু