ইয়েমেনের হুথিদের উৎক্ষেপণ করা একটি ড্রোন সৌদি আরবের আকাশে প্রতিহত করার পর সেটির ধ্বংসাবশেষ পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সৌদি আরবের তায়েফ প্রদেশে এ ঘটনা ঘটে বলে দেশটির সিভিল ডিফেন্স জানিয়েছে।
সৌদি সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তি একজন ইয়েমেনি নাগরিক, যিনি সৌদি আরবে বসবাস করছিলেন। আহত দুজনের মধ্যে একজন সৌদি নারী এবং অন্যজন পাকিস্তানি নাগরিক। পাকিস্তানি নাগরিকের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে।
ধ্বংসাবশেষ পড়ে কয়েকটি ভবন ও যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌদি প্রেস এজেন্সির প্রকাশিত ছবিতে ক্ষতিগ্রস্ত ভবন, গাড়ির কাচ এবং দোকানের সামনের অংশে ধ্বংসাবশেষের আঘাতের চিহ্ন দেখা গেছে।
সৌদি কর্তৃপক্ষের দাবি, হুথিদের উৎক্ষেপণ করা ড্রোনটি তায়েফের আকাশে প্রতিহত ও ধ্বংস করা হয়। এরপর সেটির বিভিন্ন অংশ মাটিতে পড়ে হতাহতের ঘটনা ঘটে।
এটি সৌদি আরবে হুথিদের সাম্প্রতিক হামলা বৃদ্ধির মধ্যে প্রথম বেসামরিক প্রাণহানির ঘটনা বলে জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস।
তবে ড্রোনটির সুনির্দিষ্ট লক্ষ্য কী ছিল, তা সৌদি কর্তৃপক্ষের বিবৃতিতে বিস্তারিত জানানো হয়নি।
হোয়াইট হাউসে ঢুকতে পারলেন না তিন গণমাধ্যমের সাংবাদিক
শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ খুঁজতে গিয়ে প্রেম, শেষ পর্যন্ত বিয়ে