ইরান শান্তি চায়, তবে চাপের কাছে নতি স্বীকার নয়: পেজেশকিয়ান

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ পিএম

ইরান যুদ্ধ নয় শান্তি চায়, তবে কোনো ধরনের শক্তি প্রয়োগ, চাপ বা ভয়ভীতির কাছে নতি স্বীকার করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।

রোববার (২০ সেপ্টেম্বর) দেওয়া এক বক্তব্যে পেজেশকিয়ান বলেন, যুদ্ধ ও সংঘাত শুধু ইরানের জনগণের জন্যই নয়, পুরো বিশ্বের জন্য ক্ষতিকর। তাই তেহরান শান্তি চায়। তবে একই সঙ্গে কোনো ধরনের ‘জবরদস্তি ও দাদাগিরির’ কাছে ইরান মাথা নত করবে না।

তিনি বলেন, শান্তির সুযোগ এলে তা প্রত্যাখ্যান করা উচিত নয়। কারণ শান্তি নিরাপত্তা নিশ্চিত করতে পারে। তবে আলোচনার সুযোগকে কোনো ‘প্রতিপক্ষ’ ক্ষতি করার কৌশল হিসেবেও ব্যবহার করতে পারে এ বিষয়েও সতর্ক থাকতে হবে। পেজেশকিয়ান বলেন, আমাদের শত্রুর ওপর কোনো আস্থা নেই। তারপরও আমরা আমাদের চুক্তিগুলোর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

ইরানের প্রেসিডেন্টের এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের পাশাপাশি কূটনৈতিক যোগাযোগের সম্ভাবনাও নিয়ে আলোচনা চলছে। রোববার রয়টার্স জানায়, ইরান যুদ্ধের অবসান ঘটাতে আলোচনায় ফেরার জন্য মধ্যস্থতাকারীদের মাধ্যমে কয়েকটি শর্ত জানিয়েছে। এর মধ্যে যুদ্ধের সব ফ্রন্টে অবসান, ইরানের জব্দ অর্থ ছাড় এবং ইরানের ওপর মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের দাবি রয়েছে।

এর আগে পেজেশকিয়ানও যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘস্থায়ী ‘না যুদ্ধ, না শান্তি’ পরিস্থিতির অবসানের পক্ষে কথা বলেছেন। তবে তেহরানের অবস্থান হলো, আলোচনার পাশাপাশি ইরানের নিরাপত্তা ও স্বার্থের নিশ্চয়তাও থাকতে হবে। ফলে পেজেশকিয়ানের সর্বশেষ বক্তব্যে একদিকে শান্তির প্রতি ইরানের আগ্রহ, অন্যদিকে চাপের মুখে ছাড় না দেওয়ার অবস্থান দুই বার্তাই স্পষ্ট হয়েছে।

জেএম
আরও পড়ুন