যুক্তরাষ্ট্র হামলা করলেই 'পূর্ণ শক্তিতে' জবাব দেবে ইরান

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পিএম

যুক্তরাষ্ট্র যদি ইরানের কোনো স্থাপনায় সামরিক হামলা চালায়, তাহলে তেহরান তার কঠোরতম জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামিক রেভল্যুশন গার্ডস কর্পস তথা আইআরজিসি-র মুখপাত্র। যেকোনো ধরনের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে ইরান কঠোরভাবে পাল্টা জবাব দিতে প্রস্তুত বলেও স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি।

কাতারভিত্তিক টিভি চ্যানেল আল-আরাবিকে দেওয়া সাক্ষাৎকারে ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি ইরানি স্থাপনার ওপর হামলা চালানোর যুক্তরাষ্ট্রের হুমকির প্রসঙ্গ টেনে আনেন। কোলাং পর্বত ঘিরে চলমান নানা জল্পনা নিয়ে তিনি সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি, তবে একই সঙ্গে স্পষ্ট করে দিয়েছেন যে ইরানের ভূখণ্ডে যেকোনো হামলার জবাব হবে তীব্র।

মোহেব্বির ভাষায়, যুক্তরাষ্ট্র যদি ইরানের কোনো একটি জায়গায় হামলা চালাতে চায়-সেটা কোলাং পর্বত হোক কিংবা অন্য যেকোনো স্থান-আইআরজিসি তার "সর্বোচ্চ শক্তি" দিয়ে জবাব দেবে।

এই সাক্ষাৎকারে তিনি মার্কিন সেনাবাহিনীর সাম্প্রতিক এক প্রচারণার দিকেও ইঙ্গিত করেন, যেখানে ইরানে আটকে পড়া মার্কিন পাইলটদের উদ্ধারের দাবি করা হয়েছিল। বহু বিশ্লেষক এই দাবিকে হলিউডি কায়দার প্রচারণা বলে আখ্যা দিয়েছেন। মোহেব্বি বলেন, ‘আমরা হলিউডি স্টাইলের প্রচার-প্রচারণায় বিশ্বাসী নই, আর নিজেদের সামরিক গোপনীয়তা কখনোই ফাঁস করি না।’ তাঁর কথায়, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা প্রমাণিত হয় ‘রণক্ষেত্রে, গণমাধ্যমের পাতায় নয়।’

গত ৪০ দিন ও ১২ দিনের যুদ্ধের সময় ইরান নিজের সামর্থ্যের প্রমাণ ইতিমধ্যেই দিয়েছে বলে মন্তব্য করেন এই আইআরজিসি মুখপাত্র। নিজেদের ভূখণ্ড রক্ষায় ইরানিদের যে দৃঢ় সংকল্প, তার সামনে যুক্তরাষ্ট্র কখনোই তার লক্ষ্য অর্জন করতে পারবে না বলে তিনি জোর দিয়ে বলেন।

তবে যুদ্ধের হুঁশিয়ারির পাশাপাশি কূটনীতির দরজাও পুরোপুরি বন্ধ করছে না তেহরান। মোহেব্বি জানান, কোনোভাবেই কূটনৈতিক পথ প্রত্যাখ্যান করছে না ইরান। তবে এই কূটনৈতিক আলোচনার কাঠামোর ভেতরেও শর্ত ঠিক করার অধিকার ইরানেরই থাকবে বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। তাঁর কথায়, ‘শত্রুর ওপর আমাদের শর্ত ও দাবি চাপিয়ে দেওয়ার কাজটা আমরাই করি।’

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

এটিটিআর
আরও পড়ুন
সর্বশেষপঠিত