মহেশপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পিএম

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদ, গাঁজা, ইয়াবা, কাশির সিরাপ ও ওষুধ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর থেকে সকাল পর্যন্ত এসব অভিযান চালানো হয়। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ৩০ বোতল ভারতীয় মদ, ৫০০ গ্রাম গাঁজা, ১ হাজার ৩৯৪টি ইয়াবা ট্যাবলেট এবং ২১০ বোতল এস্কাফ সিরাপ। এ ছাড়া ৯৯০ পিস ভারতীয় ওষুধও উদ্ধার করা হয়েছে। অভিযানে কাউকে আটক করা যায়নি।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) জানায়, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৫টা ২৫ মিনিটে মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার শশানঘাট এলাকায় অভিযান চালানো হয়। সুবেদার মো. মোস্তাক আহমেদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৩০ বোতল ভারতীয় মদ ও ৯৯০ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়।

এরপর সকাল ৬টা ৩৫ মিনিটে যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোপালপুর এলাকায় অভিযান চালানো হয়। মো. আব্দুল্লাহর ঘাসখেতের পাশের ওই অভিযানে নায়েব সুবেদার মো. আব্দুস সালামের নেতৃত্বে ৫০০ গ্রাম ভারতীয় গাঁজা ও ১ হাজার ৩৯৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ছাড়া সকাল ১০টা ৪৫ মিনিটে নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুনপাড়া গ্রামের মো. তেতুল মিয়ার আমবাগানে অভিযান চালায় বিজিবি। নায়েব সুবেদার শ্রী তাপস কুমার সরকারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ২১০ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত