মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা-ভাঙচুর, শফিকুর রহমানের উদ্বেগ

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পিএম

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন জামায়াত আমির।

শফিকুর রহমান তার স্ট্যাটাসে দাবি করেন, এবার ক্ষমতার গরমের আঁচ স্বাস্থ্যসেবা কেন্দ্রেও পড়েছে। রাতের আঁধারে হামলা চালিয়ে কেন্দ্রটি গুঁড়িয়ে দেওয়ার পর সেখানে রহস্যজনক একটি সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তার ভাষ্য অনুযায়ী, মধ্যরাতে মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে স্বাস্থ্যসেবা কেন্দ্রটিতে হামলা চালান। পরে সেখানে লুটপাট ও ভাঙচুর করা হয় এবং একপর্যায়ে কেন্দ্রটি গুঁড়িয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে একটি রহস্যজনক সাইনবোর্ড টাঙানোর কথাও উল্লেখ করেন তিনি।

ঘটনাটি নিয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন শফিকুর রহমান। তার মতে, হামলার পেছনে কারা রয়েছে, তা তদন্তের মাধ্যমে বের করা প্রয়োজন।

জামায়াত আমির বলেন, একদিকে সরকার জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার কথা বলছে, অন্যদিকে একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রেই এ ধরনের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটছে। তিনি ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত