ডেঙ্গু ইউনিটে দায়িত্ব নেওয়ার আগেই ডেঙ্গুতে প্রাণ গেলো চিকিৎসকের

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ পিএম

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন চিকিৎসক ডা. আঁচল রায়। রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ডা. আঁচল রায় ৪২তম বিসিএসের কর্মকর্তা ছিলেন। তিনি মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সহকর্মীদের সূত্রে জানা গেছে, অসুস্থ হওয়ার আগের দিনও হাসপাতালে রোগীদের চিকিৎসাসেবা দিয়েছেন ডা. আঁচল। এমনকি পরদিন তাঁর ডেঙ্গু ইউনিটে দায়িত্ব পালনের কথা ছিল। তবে তার আগেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ডা. আঁচল রায়ের মৃত্যুতে চিকিৎসক ও ৪২তম বিসিএসের সহকর্মীদের মধ্যে শোক নেমে এসেছে। সহকর্মীদের অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এদিকে দেশে ডেঙ্গুর প্রকোপও অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৭১ হাজার ৫৩৬ জন। এ সময়ে মারা গেছেন ২১৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে সেপ্টেম্বর মাসে। মাসটিতে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ৬৯০ জন।

চলতি বছরের আক্রান্তদের মধ্যে পুরুষ ৬২ শতাংশ এবং নারী ৩৮ শতাংশ। অন্যদিকে ডেঙ্গুতে মৃতদের মধ্যে পুরুষের হার ৫২ দশমিক ৬ শতাংশ এবং নারীর হার ৪৭ দশমিক ৪ শতাংশ।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত