হরমুজে দ্বিতীয় মার্কিন সাবমেরিন ড্রোন জব্দ করলো ইরান

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পিএম

হরমুজ প্রণালিতে গুপ্তচরবৃত্তির কাজে ব্যবহৃত যুক্তরাষ্ট্রের তৈরি রেমাস ৬০০ নামের একটি সাবমেরিন ড্রোন জব্দ করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী। গোয়েন্দা তৎপরতা ও তড়িৎ যুদ্ধের সমন্বয়ে পরিচালিত একটি জটিল অভিযানের মাধ্যমে ড্রোনটি আটক করা হয়েছে বলে জানিয়েছে তারা।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী এক বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালিতে গুপ্তচরবৃত্তির উদ্দেশ্যে পরিচালিত মার্কিন একটি সাবমেরিন ড্রোন শনাক্ত ও আটক করতে সমন্বিত গোয়েন্দা তৎপরতা ও তড়িৎ যুদ্ধ পরিচালনা করা হয়। অভিযানে গোয়েন্দা নজরদারি ও তড়িৎ যুদ্ধ সক্ষমতার সমন্বয়ে ড্রোনটির গতিবিধি ঠেকানো হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, সৃষ্টিকর্তার ওপর নির্ভর করে পরিচালিত ওই জটিল অভিযানে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী হরমুজ প্রণালিতে গুপ্তচরবৃত্তির উদ্দেশ্যে পরিচালিত একটি উন্নত মার্কিন সামরিক সাবমেরিন ড্রোন আটক করতে সক্ষম হয়েছে।

জব্দ করা ড্রোনটি রেমাস ৬০০ মডেলের একটি উন্নত ও বুদ্ধিমান সাবমেরিন ড্রোন বলে জানিয়েছে ইরান। আটকের পর সেটি তথ্য উদ্ধারের জন্য বিপ্লবী গার্ড বাহিনীর বিশেষজ্ঞদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী আরও বলেছে, হরমুজ প্রণালি বর্তমানে বন্ধ রয়েছে। কৌশলগত গুরুত্বপূর্ণ এই নৌপথে বিপজ্জনক কর্মকাণ্ড এবং অনুমোদনহীন পথ দিয়ে জাহাজ চলাচলের বিরুদ্ধে তারা ধারাবাহিক ও কঠোরভাবে ব্যবস্থা নিচ্ছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

হরমুজে এবারই প্রথম কোনো মার্কিন সাবমেরিন ড্রোন আটকের দাবি করছে না ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এর আগে গত ৮ সেপ্টেম্বর হরমুজ প্রণালির প্রবেশমুখের কাছে আরেকটি উন্নত মার্কিন সাবমেরিন ড্রোন আটক করার কথা জানিয়েছিল তারা।

আগেরবার আটক করা ড্রোনটি ডাইভ-এলডি মডেলের বলে শনাক্ত করা হয়েছিল। এটি মার্কিন প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যান্ডুরিল ইন্ডাস্ট্রিজের তৈরি একটি স্বয়ংক্রিয় সাবমেরিন ড্রোন। ২০২৫ সালে এটি প্রথমবারের মতো মার্কিন নৌবাহিনীর চালকবিহীন ডুবোযান ইউনিটের কাছে সরবরাহ করা হয়েছিল বলে জানিয়েছে ইরান। সূত্র: মেহর নিউজ এজেন্সি

এএস
আরও পড়ুন