৯ বছর পর জাপানের বড় পর্দায় ফিরছেন আমির খান

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ এএম

দীর্ঘ ৯ বছরের বিরতি কাটিয়ে আবারো জাপানের সিনেমা হলে ফিরছেন বলিউড তারকা আমির খান। ২০১৭ সালের ‘দঙ্গল’ ছবির বিপুল সাফল্যের পর, ২০২৭ সালের বসন্তে জাপানে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন ছবি ‘সিতারে জমিন পার’। যদিও ২০১৯ সালে তার প্রযোজিত ‘সিক্রেট সুপারস্টার’ জাপানি দর্শকদের জন্য মুক্তি পেয়েছিল, তবে মূল অভিনেতা হিসেবে ৯ বছর পর দেশটির প্রেক্ষাগৃহে বড় পর্দায় ফিরছেন তিনি।

জাপানি পরিবেশক সংস্থা ‘গিক পিকচার্স’ ২৫ সেপ্টেম্বর তাদের অফিশিয়াল ঘোষণায় জানায়, জাপানে ছবিটি ‘সিতারে! দ্য মিরাকেল টিম অফ স্টারডাস্ট’ নামে মুক্তি পাবে। টোকিওর হিউম্যান ট্রাস্ট সিনেমা ইউরাকুচো, ইয়েবিসু গার্ডেন সিনেমাসহ পুরো জাপানের প্রধান প্রধান প্রেক্ষাগৃহে এটি প্রদর্শিত হবে।

জাপানি দর্শকদের জন্য খোলা সামাজিক যোগাযোগমাধ্যমের অফিসিয়াল পেজে জানানো হয়, ৩ ইডিয়টস তারকা আমির খানের হৃদয়স্পর্শী ও হাসিকান্নার নতুন ভারতীয় সিনেমা ‘সিতারে! দ্য মিরাকেল টিম অব স্টারডাস্ট’ ২০২৭ সালের বসন্তে জাপানে মুক্তি পাবে।

কেমন এই সিনেমার গল্প?

‘সিতারে’ শব্দের অর্থ তারা। ছবিটি ২০০৭ সালের আমির খানের কালজয়ী সিনেমা ‘তারে জমিন পার’-এর সরাসরি সিক্যুয়েল না হলেও, এটি ছিল একই ভাবধারার বা ‘স্পিরিচুয়াল সিক্যুয়েল’। এটি মূলত ২০১৮ সালের জনপ্রিয় স্প্যানিশ কমেডি সিনেমা ‘চ্যাম্পিয়নস’-এর অফিসিয়াল রিমেক।

সিনেমায় আমির খান ‘গুলশন’ নামের একজন সাবেক বাস্কেটবল খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করেছেন, যার ক্যারিয়ার আশানুরূপ হয়নি। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোসহ বিভিন্ন বিশৃঙ্খল আচরণের দায়ে তাকে সমাজসেবামূলক কাজের সাজা দেওয়া হয়। এই শাস্তির অংশ হিসেবে তাকে বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) প্রাপ্তবয়স্কদের নিয়ে গঠিত ‘সিতারে’ বাস্কেটবল দলের কোচের দায়িত্ব নিতে হয়। শুরুতে বিষয়টিকে কেবল দায় মনে করলেও, ধীরে ধীরে খেলোয়াড়দের সঙ্গে সময় কাটাতে গিয়ে গুলশনের জীবন ও দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে যায়।

সিনেমার অন্যতম বিশেষ দিক হলো, ‘সিতারে’ দলের খেলোয়াড় চরিত্রে অভিনয় করেছেন বাস্তবেও বিশেষ চাহিদাসম্পন্ন ১০ জন নতুন অভিনেতা। বিশাল অডিশন প্রক্রিয়ার মাধ্যমে তাদের নির্বাচন করা হয়।

আর. এস. প্রসন্ন পরিচালিত এই সিনেমায় আমির খান ছাড়াও জেনেলিয়া দেশমুখ, গুরপাল সিং, ডলি আহলুওয়ালিয়া এবং ব্রিজেন্দ্র কালা প্রধান ভূমিকায় অভিনয় করেছেন।

বক্স অফিসে আয়

ট্রেড ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ‘সিতারে জমিন পার’ বিশ্বব্যাপী মোট ২৬৭.৫২ কোটি রুপি আয় করেছে। যার মধ্যে ভারত থেকে ২০০.৭৭ কোটি রুপি এবং বিদেশের বাজার থেকে ৬৬.৭৫ কোটি রুপি আয় এসেছে।

আমিরের অন্যান্য কাজ

আমির খানের প্রযোজনা প্রতিষ্ঠান ‘আমির খান প্রোডাকশনস’-এর সর্বশেষ সিনেমা ‘লাহোর ১৯৪৭’ চলতি বছরের ১৩ আগস্ট মুক্তি পেয়েছে। রাজকুমার সন্তোষী পরিচালিত এই পিরিয়ড ড্রামাটিতে অভিনয় করেছেন সানি দেওল, প্রীতি জিন্টা ও শাবানা আজমি।

এছাড়া ২০২৬ সালের অক্টোবরে আশুতোষ গোয়ারিকরের নতুন সিনেমা ‘লালকারা’-এর শুটিং শুরু করবেন আমির। কিংবদন্তি ক্রিকেটার লালা আমারনাথের বায়োপিকটি ২০২৭ সালের ডিসেম্বরে মুক্তির পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আমির খানের তুমুল জনপ্রিয় সিনেমা ‘৩ ইডিয়টস’-এর সিক্যুয়েল নিয়েও গুঞ্জন রয়েছে।

ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত