অশালীন স্পর্শের প্রতিবাদ করায় চলন্ত ট্রেন থেকে ধাক্কা, হাত হারালেন তরুণী

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পিএম

ভারতের মুম্বাইয়ে লোকাল ট্রেনে যৌন হয়রানির প্রতিবাদ করায় এক তরুণীকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে অন্য আরেক যাত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় তরুণীর বাঁ হাত কাটা পড়েছে। এ ছাড়া মাথায় ১৬টি সেলাই দিতে হয়েছে তাকে। খবর এনডিটিভির

এ ঘটনায় জিতেন্দ্র হিরমুখে (৫৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি নাইগাঁও পূর্ব এলাকার বাসিন্দা।

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, বোরিভালি থেকে ভিরারগামী লোকাল ট্রেনে যাত্রা করছিলেন তিনি। এ সময় সহযাত্রী জিতেন্দ্র তাকে বারবার আপত্তিকরভাবে স্পর্শ করেন। এর প্রতিবাদে তরুণী ক্ষুব্ধ হয়ে নিজের স্যান্ডেল ছুড়ে মারলে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি শান্ত করতে অন্য যাত্রীরা এগিয়ে এলেও অভিযুক্ত ব্যক্তি গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে তিনিও নিজের স্যান্ডেল ছুড়ে মারেন ওই তরুণীর দিকে।

ট্রেনটি নাইগাঁও স্টেশনে পৌঁছানোর পরও তাদের মধ্যে বিরোধ চলছিল। একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি তরুণীকে ধাক্কা দিলে তিনি দুটি বগির মধ্যবর্তী ফাঁকা জায়গায় পড়ে যান। সেখান থেকে প্ল্যাটফর্মে ওঠার চেষ্টা করার সময় ট্রেন চলতে শুরু করে। এতে ট্রেনের চাকায় পিষ্ট হয়ে তার বাঁ হাত বিচ্ছিন্ন হয়ে যায়। পরে এক পুলিশ কর্মকর্তা ও কয়েকজন যাত্রী তাকে উদ্ধার করেন। ঘটনার পরপরই ভিড়ের মধ্যে পালিয়ে যান অভিযুক্ত ব্যক্তি। তবে কয়েক ঘণ্টার মধ্যেই তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার বর্ণনা দিয়ে তরুণী বলেন, নাইগাঁও স্টেশনের কাছাকাছি পৌঁছানোর পর ওই ব্যক্তি তাকে যৌন হয়রানি করতে শুরু করেন। প্রতিবাদ জানিয়ে তিনি অভিযুক্তকে প্রশ্ন করেন, তার বাড়িতে মা-বোন নেই কি না। কিন্তু এরপরও হয়রানি বন্ধ করেননি ওই ব্যক্তি।

তরুণী বলেন, স্যান্ডেল দিয়ে তাকে প্রতিহত করার চেষ্টা করলে অভিযুক্তও পাল্টা স্যান্ডেল দিয়ে আঘাত করেন। পরে তাকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এ ঘটনার বিচার দাবি করে তিনি বলেন, দুর্ঘটনায় তার জীবন অনেকটাই বদলে গেছে। এক হাত হারিয়ে কীভাবে সংসার চালাবেন, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে মামলায় হত্যাচেষ্টার অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ১০৯ ধারা অন্তর্ভুক্ত না করায় পুলিশের তদন্তপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে ভুক্তভোগীর পরিবার। এ বিষয়ে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) নেতারা রেলওয়ে পুলিশের (জিআরপি) জ্যেষ্ঠ পরিদর্শকের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে সংশ্লিষ্ট ধারাগুলো মামলায় যুক্ত করার বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়।

এএইচএ
আরও পড়ুন