ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকায় রুশ বিমান হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোরে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় হতাহতের এ ঘটনা ঘটে বলে ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন।
কিয়েভ সিটি সামরিক প্রশাসনের প্রধানের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, রাজধানীর ভেতরে হামলায় দুজন নিহত ও চারজন আহত হয়েছেন। শহরের মেয়র ভিতালি ক্লিচকো বলেন, হামলার পর বিভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়ে। এতে কয়েকটি ব্যক্তিগত বাড়ি, একটি দোকান ও একটি গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার সময় কিয়েভে বিস্ফোরণের শব্দ শোনা যায়।
কিয়েভ অঞ্চলের গভর্নর তিমুর তকাচেঙ্কো জানান, একটি রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ওই অঞ্চলে একটি শিশু নিহত এবং আরও তিনজন আহত হয়েছে। হামলায় অবকাঠামো, বাড়িঘর, গুদাম ও বেশ কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
হামলার কারণে কিয়েভের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহও ব্যাহত হয়েছে বলে স্থানীয় প্রতিবেদনে জানানো হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের পর জরুরি উদ্ধারকারী দলকে মোতায়েন করা হয়।
সাম্প্রতিক দিনগুলোতে কিয়েভ ও ইউক্রেনের অন্যান্য অঞ্চলে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বেড়েছে। ইউক্রেনীয় কর্মকর্তারা বলছেন, রুশ বাহিনী রাজধানীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর চাপ বাড়াতে দীর্ঘ সময় ধরে ড্রোন হামলা চালাচ্ছে।
এদিকে হামলার সময় ইউক্রেনের প্রতিবেশী ন্যাটো সদস্য পোল্যান্ড ও রোমানিয়াও নিজেদের আকাশসীমা সুরক্ষায় সামরিক বিমান উড্ডয়ন করেছে বলে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে।
তবে হামলার ক্ষয়ক্ষতি ও হতাহতের সব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে রয়টার্স জানিয়েছে। যুদ্ধের কারণে ঘটনাস্থল থেকে পাওয়া তথ্যের ক্ষেত্রেও পরিবর্তন আসতে পারে।
গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৬
দাম বৃদ্ধির পর আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা