রাজধানীর মিরপুর–১০ নম্বর এলাকায় ফুটপাতে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
সকালে মিরপুর ১০ নম্বর হোপ মার্কেট এলাকার ফুটপাতে উচ্ছেদ অভিযান শুরু করে সিটি করপোরেশন।
হোপ মার্কেটের সামনের ফুটপাতের দোকান উচ্ছেদের সময় বায়তুল কুদ্দুস জামে মসজিদের পশ্চিম পাশে বিদ্যুতের তার থেকে আগুন ধরে যায়। এতে ক্ষুব্ধ হয়ে উঠেন হকাররা। পরে তারা সিটি করপোরেশনের কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। এ ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়াতে দেখা গেছে হকারদের।
মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে পুলিশের পিক-আপ গেলে তাদেরকেও ইটপাটকেল নিক্ষেপ করেন হকাররা। পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি যায় আগুন নেভাতে। প্রায় ১৫-২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম বলেন, মিরপুর ১০ নম্বরের হোপ মার্কেটে আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। এ সময় ফায়ার সার্ভিসের কর্মীদের একদল উচ্ছৃঙ্খল জনতার বাধার মুখে পড়তে হয়েছে।
শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা টাকা ব্যয়ে সতর্কবার্তা