বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক

আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পিএম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক এবং সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২ অক্টোবর) রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পাঠানো এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি জানান গভীর সমবেদনা।

শোকবার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার বিকাশে তৌফিক ইমরোজ খালিদীর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এ ক্ষেত্রে তিনি পথিকৃৎ ভূমিকা পালন করেছেন। তাঁর প্রয়াণে দেশের গণমাধ্যম অঙ্গন একজন অভিজ্ঞ, সজ্জন ও বিশিষ্ট ব্যক্তিত্বকে হারিয়েছে। সাংবাদিকতা ও গণমাধ্যমে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

তৌফিক ইমরোজ খালিদীর সঙ্গে ব্যক্তিগত স্মৃতির কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, তাঁর মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। এই প্রয়াণে তিনি গভীরভাবে মর্মাহত ও শোকাহত।

পরিবারের সূত্রে জানা গেছে, মস্তিষ্কে রক্তক্ষরণের পর বৃহস্পতিবার রাতে তৌফিক ইমরোজ খালিদীকে লন্ডনের একটি হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় সময় শুক্রবার দুপুর ২টা ২৩ মিনিটে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর।

রাষ্ট্রপতির প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত