এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টে শেষটাও হতাশার হলো বাংলাদেশের। সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে সোনা ও রুপার দৌড় থেকে ছিটকে যাওয়ার পর ব্রোঞ্জের লড়াইয়েও শ্রীলঙ্কার কাছে ৬৩ রানের বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। ফলে মেয়েদের পর পুরুষ দলও এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্ট থেকে খালি হাতেই ফিরছে।
জাপানের নাগোয়ায় টসে হেরে প্রথমে ফিল্ডিং করতে নেমে দুর্দান্ত সূচনা করেছিল বাংলাদেশ। রহস্য স্পিনার আলিস আল ইসলামের অভিষেক ম্যাচে স্পিন আক্রমণের তোপে মাত্র ২১ রানেই ৪ উইকেট হারিয়ে বসেছিল শ্রীলঙ্কা। কিন্তু মাঝের ওভারগুলোতে ইতালীয় বংশোদ্ভূত থারিন্দু রত্নায়েকে ও সহান আরাচাগের দৃঢ়তায় ঘুরে দাঁড়ায় লঙ্কানরা। বিশেষ করে শেষ ১০ ওভারে বাংলাদেশের বোলারদের এলোমেলো বোলিংয়ের সুযোগ নিয়ে বড় স্কোর গড়ে তোলে শ্রীলঙ্কা। মোস্তাফিজুর রহমানের এক ওভারেই আসে ২৫ রান।
রত্নায়েকের ৩২ বলে ৬৫ রানের ঝোড়ো ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রানের লড়াই করার মতো পুঁজি পায় শ্রীলঙ্কা। বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান, সাইফ হাসান ও মোস্তাফিজুর রহমান দুটি করে উইকেট নেন।
১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান। থুসারার তোপে অধিনায়ক লিটন দাসও শূন্য রানে বোল্ড হলে দলের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৯ রান। টপ অর্ডারের তিন ব্যাটার শূন্য রানে আউট হওয়ার পর চাপ সামাল দিতে পারেননি মিডল অর্ডারের তাওহিদ হৃদয় (১১) ও পারভেজ হোসেনও (২০)।
ব্যাটারদের এই আসা-যাওয়ার মিছিলে ৬৪ রানেই ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। শেষ দিকে ৯ নম্বরে নামা নাসুম আহমেদের ২৮ বলে ২৬ রানের ইনিংসটি কেবল হারের ব্যবধানই কিছুটা কমিয়েছে। শেষ পর্যন্ত ১৭ ওভার ৩ বলে ১০২ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। ৬৩ রানের জয়ে ব্রোঞ্জপদক নিশ্চিত করে শ্রীলঙ্কা।
'মার্কিন-ইসরায়েল আগ্রাসনে নীরবতা মানেই সহিংসতার সঙ্গে সম্পৃক্ততা'
এশিয়ান গেমসে ইরানি মেয়েদের সাফল্য, প্রশংসায় পেজেশকিয়ান