আইপিএল থেকেও অবসর নিলেন ধোনি

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৫:০০ পিএম

সাত বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলেন। এরপর ঘরোয়া প্রথম শ্রেণি কিংবা লিস্ট ‘এ’ ক্রিকেটেও আর খেলেননি। এতদিন মহেন্দ্র সিং ধোনিকে দেখা যেত শুধু আইপিএলে। এবার ১৯ বছরের আইপিএল ক্যারিয়ারকেও বিদায় জানালেন ভারতের এই সাবেক অধিনায়ক।

তবে চেন্নাই সুপার কিংসের সঙ্গে সম্পর্ক শেষ হচ্ছে না ধোনির। ক্রিকেটার হিসেবে অবসর নিলেও আগামী আইপিএলে ফ্র্যাঞ্চাইজিটির মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন ৪৫ বছর বয়সী এই ক্রিকেটার। মঙ্গলবার (১৭ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছে চেন্নাই। খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার সময়সীমা শেষ হওয়ার মাত্র তিন ঘণ্টা আগে, নিলামের প্রস্তুতির মধ্যেই এসেছে এই ঘোষণা।

চেন্নাই সুপার কিংসের মালিক এন শ্রীনিবাসন এক বিবৃতিতে ধোনির সঙ্গে ফ্র্যাঞ্চাইজিটির দীর্ঘ সম্পর্কের কথা তুলে ধরেছেন, ‘ধোনিকে ছাড়া চেন্নাই সুপার কিংসকে চিন্তাও করা যায় না। প্রায় দুই দশক ধরে আমরা একসঙ্গে পথ চলেছি, একসঙ্গে বেড়ে উঠেছি। এই যাত্রায় সাফল্য, ব্যর্থতা এসেছে এবং এর বাইরেও অনেক কিছু। আমাদের সম্পর্ক এতটা দৃঢ় হওয়ার পেছনে একটাই কারণ, আমরা কখনো একে অপরের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলি না। এই বিশ্বাসই আমাদের এত দূর আসতে সাহায্য করেছে।’

ধোনির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শ্রীনিবাসন আরও বলেন, ২০০৮ সালে আমি জোর দিয়েছিলাম, ধোনিকে সিএসকের অংশ হতে হবে। শেষ পর্যন্ত সেটিই আমার নেওয়া সেরা সিদ্ধান্ত হয়ে দাঁড়িয়েছে। শুধু ফ্র্যাঞ্চাইজির হয়ে তার অর্জনের জন্য নয়, মানুষ হিসেবে সে যেমন, সেটির জন্যও। ধোনি সব সময় আমাদের পরিচয়ের অংশ হয়ে থাকবে। এই জায়গা সব সময়ই তার ঘর হয়ে থাকবে।

২০২৭ আইপিএলের জন্য নতুন করে সাজানো চেন্নাইয়ের কোচিং স্টাফের সঙ্গে কাজ করবেন ধোনি। এই কোচিং স্টাফে প্রধান কোচ হিসেবে আছেন জহির খান। সহকারী কোচ অ্যালবি মরকেল, গ্যারেথ ব্যাটি ও শ্রীধরন শ্রীরাম। বোলিং কোচ মোহিত শর্মা এবং ফিল্ডিং কোচ জেমস ফস্টার। গত তিন মৌসুমে প্লে-অফে উঠতে পারেনি চেন্নাই। সে কারণেই ২০২৭ আইপিএলের আগে কোচিং স্টাফে বড় ধরনের পরিবর্তন এনেছে ফ্র্যাঞ্চাইজিটি।

জেএম
আরও পড়ুন
সর্বশেষপঠিত