বিডিনিউজটোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক এবং দেশের অনলাইন সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে অনলাইন এডিটরস ফোরাম।
শুক্রবার (২ অক্টোবর) লন্ডনে তার মৃত্যুর খবর পেয়ে এক শোক বিবৃতিতে সংগঠনটি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে। একই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবার, স্বজন, সহকর্মী ও অসংখ্য শুভানুধ্যায়ীর প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
শোক বিবৃতিতে অনলাইন এডিটরস ফোরাম বলেছে, তৌফিক ইমরোজ খালিদী বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনের একজন প্রথিতযশা ব্যক্তিত্ব ছিলেন। দীর্ঘ কর্মজীবনে তিনি প্রিন্ট, সম্প্রচার ও ডিজিটাল সাংবাদিকতার তিনটি মাধ্যমেই গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
রাজনীতি, অর্থনীতি, উন্নয়ন ও আন্তর্জাতিক বিষয়সহ সাংবাদিকতার বিভিন্ন ক্ষেত্রে তার পেশাগত অভিজ্ঞতা ও অবদান ছিল উল্লেখযোগ্য। দীর্ঘ কর্মজীবনে তিনি দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পাশাপাশি যুক্তরাজ্যের বিবিসিতেও সাংবাদিকতা করেছেন।
২০০৬ সালে তার নেতৃত্বে বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম নতুন আঙ্গিকে যাত্রা শুরু করে। বাংলাদেশের অনলাইন সাংবাদিকতার বিকাশ, পেশাগত উৎকর্ষ এবং সার্বক্ষণিক সংবাদ প্রকাশের ধারাকে সুসংহত করার ক্ষেত্রে তার ভূমিকা বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করেছে ফোরাম।
সংগঠনটি আরও বলেছে, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে বাংলাদেশের গণমাধ্যম অঙ্গন একজন অভিজ্ঞ, নিবেদিতপ্রাণ ও দূরদর্শী সাংবাদিককে হারাল। বিশেষ করে দেশের অনলাইন সাংবাদিকতার বিকাশে তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।
জামায়াত নেতা আখতারুজ্জামান একদিনের রিমান্ডে
ঢাকার সাব-রেজিস্ট্রারদের পোস্টিংয়ে লটারি ব্যবস্থা চালু হবে: আইনমন্ত্রী