রোম বিমানবন্দরে ২৮ কেজি রুপা উদ্ধার, বাংলাদেশির বিরুদ্ধে মামলা

আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পিএম

ইতালির রোমে অভিযান চালিয়ে ২৮ কেজি রুপা ও মূল্যবান গয়না জব্দ করেছে দেশটির শুল্ক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উদ্ধার করা এসব সামগ্রীর আনুমানিক মূল্য ৩৬ হাজার ইউরোরও বেশি। এই ঘটনায় এক বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২ অক্টোবর) রোমের ফিউমিসিনো (লিওনার্দো দা ভিঞ্চি) বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকার উদ্দেশে রওনা হওয়া এক বাংলাদেশি নাগরিক ইস্তাম্বুলে যাত্রাবিরতির (লায়ওভার) ফ্লাইটের যাত্রী ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ‘ফিউমিসিনো গ্রুপ’-এর কাস্টমস কর্মকর্তা এবং ইতালির অর্থসংক্রান্ত পুলিশ বাহিনী ‘গুয়ার্দিয়া দি ফিনানজা’ রোম প্রাদেশিক কমান্ডের সদস্যরা তার ওপর বিশেষ নজরদারি রাখেন। পরে কাস্টমস তল্লাশি চালানো হয়।

প্রথম দফায় যাত্রীর ৪টি চেকড লাগেজ (বিমানে জমা দেওয়া ব্যাগ) স্ক্যান করা হয়। স্ক্যানারে অসঙ্গতি ধরা পড়লে লাগেজগুলো খুলে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ব্যাগের ভেতরে বিভিন্ন প্লাস্টিকের মোড়কে নিখুঁতভাবে লুকিয়ে রাখা বিপুলসংখ্যক রুপা ও মূল্যবান অলংকার পাওয়া যায়। গুয়ার্দিয়া দি ফিনানজার তথ্য অনুযায়ী, ওই যাত্রী রুপাগুলোর বৈধ উৎস বা সীমান্ত পারাপারের জন্য প্রয়োজনীয় কোনো কাগজপত্র ও অনুমোদন দেখাতে ব্যর্থ হন।

অবৈধ বা চোরাই পণ্য বহনের সন্দেহে ওই ব্যক্তির বিরুদ্ধে সরকারি কৌঁসুলির কার্যালয় ও বিচার বিভাগীয় কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন দাখিল করা হয়েছে। তবে তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার বা আটক করা হয়নি। আলামত হিসেবে জব্দ করা ২৮ কেজি রুপা বিচার বিভাগীয় কর্তৃপক্ষের নির্দেশে রাষ্ট্রীয় হেফাজতে রাখা হয়েছে।

জেএম
আরও পড়ুন