হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ান এয়ারলাইন্সের এক যাত্রীর কাছ থেকে সাড়ে চার কেজি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় আট কোটি টাকা। এ ঘটনায় আটক করা হয়েছে মালয়েশিয়ার নাগরিক ইয়াং ডন সিউ (৪৩)।
কাস্টমস সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুয়ালালামপুর থেকে আসা মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ-০১৯৬ ফ্লাইটের ওই যাত্রীর ওপর নজরদারি করা হচ্ছিল। বিমানবন্দরে পৌঁছে ব্যাগ সংগ্রহের পর তিনি গ্রিন চ্যানেল-১ দিয়ে বের হওয়ার সময় কাস্টমস কর্মকর্তারা তাকে থামান।
পরে গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে তার শরীরে তল্লাশি চালানো হয়। এ সময় শার্টের নিচে লুকিয়ে রাখা কালো কাপড়ের একটি বেল্টের ভেতর থেকে নয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
কাস্টমস কর্মকর্তারা জানান, উদ্ধার করা স্বর্ণের মধ্যে এক কেজি ওজনের চারটি এবং ১০০ গ্রাম ওজনের পাঁচটি বার রয়েছে। প্রতিটি বারের বিশুদ্ধতা ২৪ ক্যারেট।
ঢাকা কাস্টমস হাউসের তথ্য অনুযায়ী, ওই যাত্রী কাস্টমস ব্যাগেজ বিধিমালা অনুযায়ী স্বর্ণ বহনের বিষয়ে কোনো ঘোষণা দেননি। একই সঙ্গে কাস্টমস আইন, ২০২৩ এবং ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৭ অনুযায়ী স্বর্ণ বহনের বৈধ কোনো নথিও তিনি দেখাতে পারেননি। রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে তার কাছ থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।
কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য কাস্টমস আইন, ২০২৩-এর ১৯১ ধারায় উদ্ধার করা স্বর্ণ সাময়িকভাবে আটক করা হয়েছে। এ ঘটনায় ওই বিদেশি নাগরিকের বিরুদ্ধে বিমানবন্দর থানায় সংশ্লিষ্ট আইনে ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
‘জাতীয় প্রতিরক্ষা’ প্রস্তুতিতে সাধারণ নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দেবে ইরান