দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের চালু থাকা দুই ইউনিটই যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে। এর ফলে কেন্দ্রটির তিনটি ইউনিটের একটিও বর্তমানে বিদ্যুৎ উৎপাদনে নেই।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
কেন্দ্র সূত্রে জানা গেছে, তিনটি ইউনিটের মধ্যে ১২৫ মেগাওয়াট ক্ষমতার দ্বিতীয় ইউনিটটি সংস্কারকাজ বা ওভারহলিংয়ের কারণে ২০২০ সালের নভেম্বর থেকে বন্ধ রয়েছে। প্রায় ছয় বছর ধরে ইউনিটটি উৎপাদনের বাইরে। অন্যদিকে চালু থাকা প্রথম ইউনিটটি সোমবার (৫ অক্টোবর) ভোর পৌনে ৬টার দিকে এবং তৃতীয় ইউনিটটি মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর ৫টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায়।
কর্তৃপক্ষ জানায়, বন্ধ হওয়ার আগে তৃতীয় ইউনিট থেকে প্রতিদিন ১৬০ থেকে ১৭০ মেগাওয়াট এবং প্রথম ইউনিট থেকে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল। দুটি ইউনিট চালু রাখতে দৈনিক প্রায় ৩ হাজার ৪০০ মেট্রিক টন কয়লার প্রয়োজন হতো।
প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক জানান, যান্ত্রিক ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া দুই ইউনিট মেরামতে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের একটি প্রকৌশলী দল কাজ করছে। দ্রুত মেরামত শেষ করে ইউনিট দুটি পুনরায় চালুর চেষ্টা চলছে।
রাজধানীর যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না কাল